গ্র্যান্ডমাস্টার জিয়াকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন মিনহাজ

আন্তর্জাতিক ওপেন রেটিং দাবায় নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। 

মঙ্গলবার সাত পয়েন্ট করে অর্জন করেন ৭ জন খেলোয়াড়, টাইব্রেকিং পদ্ধতিতে আনসারের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান রানারআপ,  বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল তৃতীয়, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন চতুর্থ, আনসারের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া পঞ্চম, পুলিশের ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ষষ্ঠ, সাইফ স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস সপ্তম ও আনসারের স্বর্ণাভো চৌধুরী অষ্টম স্থান পান। 

সাড়ে ছয় পয়েন্ট করে অর্জন করেন ৬ জন খেলোয়াড়। টাইব্রেকিং পদ্ধতিতে এদের মধ্যে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ক্যান্ডিডেট মাস্টার মো. সাজিদুল হক নবম, নৌবাহিনীর ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ দশম, বিমানের ফিদে মাস্টার নাইম হক একাদশ, তাশরিক সায়ান শান দ্বাদশ, ম্যানহা’স ক্যাসেলে ক্যান্ডিডেট মাস্টার মো. মাছুম হোসেন ত্রয়োদশ ও পুলিশের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ চতুর্দশ স্থান লাভ করেছেন।

ছয় পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে তিতাস ক্লাবের অনত চৌধুরী পঞ্চদশ, নৌবাহিনীর ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ ষোড়শ ও ঢাকা চেজ ক্লাবের দেলোয়ার হোসেন সপ্তদশ স্থান লাভ করেন। 

বিজয়ীদের মোট দুই লাখ টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে 
চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন পয়তাল্লিশ হাজার টাকা, রানারআপ গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ত্রিশ হাজার টাকা ও তৃতীয় আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ত্রিশ হাজার টাকা অর্থ পুরস্কার পান। 

খেলা শেষে  দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও আন্তর্জাতিক অর্গানাইজার মো. মাসুদুর রহমান মল্লিক বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

/টিএ/এফএইচএম/