ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ শনিবার শুরু হয়েছে ‘ওয়ালটন অনূর্ধ্ব-১৭ জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪।’ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ছয়টি দলের অংশগ্রহণে পাঁচদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি মো. হাসান উল্লাহ খান রানা, সহকারী সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান, প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সহ-সভাপতি মো. নূরুল ইসলামসহ অন্যান্যরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ওয়ালটন অনূর্ধ্ব-১৭ জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪ আসরে মোট ৬টি জেলার যুব দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো- ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা, চাপাঁইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা।
ছয়টি দলকে নিয়ে লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুটি দল সরাসরি ফাইনাল খেলবে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। এছাড়া পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।