গ্র্যান্ডমাস্টার নর্মের লড়াইয়ে ঢাকায় ফাহাদের শুভ সূচনা

আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের গ্র্যান্ডমাস্টারের কোনও নর্ম নেই। দেশের বাইরে চেষ্টা করেও হচ্ছে না। এবার ঢাকায় নর্ম অর্জনের লক্ষ্যে খেলতে নেমেছেন। 

এল আর গ্লোবাল গ্র্যান্ডমাস্টার এসপিরেন্ট ১ এর খেলা ক্যানাডিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশের অডিটোরিয়ামে শুরু হয়েছে। শুরুর দিনে স্বাগতিকদের হয়ে ফাহাদ জয় পেয়েছেন।

বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার ৩ জন গ্র্যান্ডমাস্টার, ৫ জন আন্তর্জতিক মাস্টার ও ২ জন ফিদে মাস্টার এ ইভেন্টে আংশগ্রহণ করছেন। আজ প্রথম রাউন্ডের খেলায় ফাহাদ শ্রীলঙ্কার আন্তর্জাতিক মাস্টার ডি সিলভাকে হারান।

ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে ইতালিয়ান পদ্ধতির খেলায় ৬১ চালের মাথায় শ্রীলঙ্কার আন্তর্জাতিক মাস্টার ডি সিলভাকে পরাজয়ের স্বাদ দেন। আরেক শ্রীলঙ্কান আন্তর্জাতিক মাস্টার মাস্টার লিয়াঙ্গে রানিনদু দিলশান অবশ্য ভারতের ফিদে মাস্টার আরধ্য গর্গকে হারান। 

এদিকে ভারতের আন্তর্জাতিক মাস্টার মায়াঙ্ক চক্রবর্তীর কাছে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান হেরে গেছেন। আন্তর্জাতিক মাস্টার মায়াঙ্ক সাদা ঘুঁটি নিয়ে কুইন’স পন ওপেনিংয়ে খেলে ৭১ চালে গ্র্যান্ডমাস্টার জিয়াউরের বিপক্ষে জয়ী হন। 

স্বাগতিকদের আরেক গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ভারতের গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার সঙ্গে ড্র করেছেন।