এবার ভারতের বক্সারকে হারাতে চান সুরো কৃষ্ণ

পেশাদার বক্সিংয়ে শনিবার আবারও রিংয়ে নামতে যাচ্ছেন বাংলাদেশের সুরো কৃষ্ণ চাকমা। চলতি বছর প্রথমবার ঢাকায় ‘পাথ টু গ্লোরি: হাসেল ইন ঢাকা স্কয়ার’শিরোনামের এই বক্সিং ইভেন্টটি হতে যাচ্ছে। রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক পার্কে বিকাল থেকে লড়াই দেখবেন দর্শকরা।

দেশের উদীয়মান বক্সিং প্রতিভাদের তুলে ধরার উদ্দেশ্যে এই ইভেন্টের আয়োজন করা হয়েছে। এছাড়া সম্প্রতি হওয়া এবিএফ চ্যাম্পিয়ন বক্সার সুরো কৃষ্ণ এই টুর্নামেন্টে মুখোমুখি হবেন ভারতের সন্দীপ কুমারের বিপক্ষে। অপরদিকে মালয়েশিয়ার বর্তমান এবিএফ শিরোপাধারী প্রতিদ্বন্দ্বিতা করবেন দেশের অন্যতম সেরা বক্সার রেসাতুল সাজিনের বিপক্ষে। এছাড়া ১১ জন নবাগত বক্সারও খেলবেন।

সুরো কৃষ্ণ নিজের অষ্টম জয়ের দিকে তাকিয়ে আছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমার প্রস্তুতি ভালো। শেষবার ব্যাংককে ম্যাচ জিতেছিলাম। এবার নিজের দেশে জিততে চাই। ভারতের বক্সার কম শক্তিশালী নয়। তবে আমি আমার সর্বোচ্চটা দিয়ে নিজের জয়ের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবো।’

মোট ২৬ জন বক্সার ১৩টি বাউটে এবং ভিন্ন ১০টি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন।