অনেক দিন ধরেই বাংলাদেশের সাবেক খেলোয়াড় আমজাদ হোসেন মালদ্বীপ হ্যান্ডবলের ডেভলপমেন্ট প্রজেক্ট ডিরেক্টর। কিছু দিন আগে ছুটি নিয়ে ঢাকায় জাতীয় চ্যাম্পিয়নশিপে আনসার দলের কোচিংয়ের দায়িত্ব নেন এবং সফল তিনি।
৩৪তম জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে তার হাত ধরে আজ বাংলাদেশ আনসার ৩৩-২৫ গোলে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আনসার ও বিজিবির মাঝে। ১৭-১৬ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে বিজিবি। তবে বিরতি থেকে ফিরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আনসার। একটা সময় দুই দল সমান সমান থাকলেও আনসার এগিয়ে যায়। শেষ দিকে বিজিবি আর ফিরে আসতে পারেনি।
দলকে শিরোপা জিতিয়ে পরশু দিন শুক্রবার মালদ্বীপে যাচ্ছেন আমজাদ। যাওয়ার আগে ট্রফি জিতে খুশি তিনি, ‘আনসারের সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। বাৎসরিক ছুটিটা জাতীয় চ্যাম্পিয়নশিপ উপলক্ষে নিয়েছিলাম। সময়সূচি পরিবর্তন হওয়ায় খানিকটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম। শেষ পর্যন্ত কোচিং করাতে পেরেছি এবং চ্যাম্পিয়ন করেছি। অনেক ভালো লাগছে। খুশি মনেই এ বছর মালদ্বীপে ফিরে যাবো।'
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন আনসারের রবিউল। খেলা শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এক্সিম ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসেন। সভাপতিত্ব করেন হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ. কে. এম নুরুল ফজল বুলবুল। আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, মালদ্বীপ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি আহমেদ মুজতবা, ফেডারেশনের কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেনসহ অন্যরা।