আমেরিকার আর্চারকে হারিয়ে বাংলাদেশের ঝুমার পদক জয় 

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্যারা আর্চারিতে বাংলাদেশ একটি ব্রোঞ্জ অর্জন করেছে। প্যারা অলিম্পিকের কোটা টুর্নামেন্টে কম্পাউন্ড নারী ব্যক্তিগত ইভেন্টে ঝুমা আক্তার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আমেরিকার ওয়াল্লাসি তেরেসাকে ১৩৮-১৩৪ স্কোরে হারান। এর আগে সেমিফাইনালে ঝুমা ইতালিয়ান আর্চারের বিপক্ষে মাত্র ১ পয়েন্টে হারেন। 

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল আবার প্যারা আর্চারি অ্যাসোসিয়েশনেরও সভাপতি।

এশিয়ান প্যারা আর্চারি প্রতিযোগিতার সঙ্গে প্যারা অলিম্পিকের বাছাই  হয়েছে। মূল অলিম্পিকে কম্পাউন্ড ইভেন্ট না থাকলেও প্যারা অলিম্পিকে আবার রয়েছে। 

ব্রোঞ্জ জেতায় প্যারা অলিম্পিকে ঝুমার খেলার সম্ভাবনার কথা জানালেন চপল, ‌'কম্পাউন্ড নারী বিভাগে আমাদের যে অবস্থান, এতে প্যারা অলিম্পিক নিশ্চিত হওয়ার কথা। আনুষ্ঠানিক ঘোষণা আসলে আমরা বিষয়টি নিশ্চিত করতে পারবো।'