সুইমিংয়ের নষ্ট স্কোরবোর্ড নিয়ে যা বললেন ক্রীড়ামন্ত্রী

২০১৯ সালে মিরপুর সুইমিং পুলে ৫ কোটি টাকা ব্যয়ে বসানো হয়েছিল ইলেক্ট্রনিক স্কোরবোর্ড। সেবার সেরা সাঁতারুর খোঁজে প্রতিযোগিতার জন্য মিরপুর সুইমিং পুল সংস্কারের উদ্যোগের অংশ হিসেবে পুরানো স্কোরবোর্ড সরিয়ে বসানো হয় ডাকট্রোনিকস কোম্পানির স্কোরবোর্ড। কিন্তু স্কোরবোর্ডটি ছিল ত্রুটিপূর্ণ। আর এমন ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক স্কোরবোর্ড কেনায় ২০২২ সালে জাতীয় ক্রীড়া পরিষদের ওপর ক্ষোভ  প্রকাশ করা হয়েছিল। পাঁচ বছর পেরিয়ে গেলেও ত্রুটিপূর্ণ স্কোরবোর্ডটি সরানো হয়নি। সুইমিং পুলের মাথায় অযাচিতভাবে শোভা পাচ্ছে এটি। স্কোরবোর্ড অচল রেখেই তিন দিনব্যাপী হয়ে গেলো জাতীয় বয়সভিত্তিক সাঁতার। মঙ্গলবার পুরস্কার দিতে এসে এনিয়ে কথা বলেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

দেশের ক্রীড়া প্রধান বলেছেন, ‘আমার নির্দেশনা একদম ক্লিয়ার। এটা নিয়ে আবার কী হবে। কে কী করবে, সেটা আমার ওতো জানার দরকার নেই। আমার স্কোরবোর্ড দরকার। সো ওদেরকে (জাতীয় ক্রীড়া পরিষদ) আমি বলেছি ডেডলাইন দেন। এক সপ্তাহের মধ্যে  আমি জানতে চাই কবে স্কোরবোর্ড পাবো। যেটা নাকি ভালো স্কোরবোর্ড। এটা প্রথম কথা।’

সুইমিং পুলে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকার বিষয়টিও নজরে এসেছে পাপনের। তিনি বললেন, ‘আরেকটি বিষয় হলো এখানে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী এখন চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন। আমার ধারণা উনি দুয়েক দিনের মধ্যে ফিরে আসবেন। উনি দেশে ফিরলে উনার সঙ্গে বসে গ্যাসের সংযোগ দেওয়ার ব্যাপারে যা যা করা দরকার সেটা করে দিবো। সো এই দুটো সমস্যা এখানে শেষ।’

বাফুফে ও হকির বিষয়ে প্রশ্ন করলে মন্তব্য করতে নারাজ পাপন, ‘সাঁতারে এসে এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। আলাদা ফেডারশন নিয়ে কী কাজ করতে চাই বা কী পরিকল্পনা সেটা একবারে আমি জানাবো। আর দুদিন বসলেই সব ফেডারেশনগুলো নিয়ে কাজ শেষ। বিভিন্ন ফেডারেশনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানছি তাদের কী কী সমস্যা আছে, কী কী চাহিদা আছে। আমি যদি এই মাসের মধ্যে বাজেটে সেটা পেশ করতে না পারি তাহলে তো আর কোনও লাভ হবে না। যে ধরনের বাজেট আছে সেই ধরনের ফেডারেশনগুলোকে সাপোর্ট দেওয়ার সুযোগ নেই।’

তিনি আরও বললেন, ‘তবে একটা জিনিস মনে করি যে, নতুন নতুন অবকাঠামো তৈরি করার আগে যে সব অবকাঠামো আছে সেগুলো ঠিক করা। এবং যে গুলো অসমাপ্ত, সেগুলো শেষ করা অগ্রাধিকার দিতে হবে, এটা হওয়া উচিত। আমার ধারণা অল্প কিছু বিনিয়োগ করলে সারা বাংলাদেশে বিভিন্ন খেলাধুলার সুযোগ সুবিধা ছড়িয়ে দিতে পারবো।’