প্যারিস অলিম্পিককে সামনে রেখে আর্চারিতে চলছে কোটার জন্য বাছাইপর্ব। তুরস্কে রিকার্ভ দলীয় ইভেন্টে ব্রোঞ্জ জিতলে সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পেতো বাংলাদেশ। কিন্তু আজ কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের কাছে হেরে বাংলাদেশের দলীয় কোটার স্বপ্নভঙ্গ হয়েছে।
শেষ আটে তাইপেকে হারালে সেমিফাইনালে জার্মানির সঙ্গে খেলা পড়তো। সেখানে হারলেও অন্তত ব্রোঞ্জ পেতো বাংলাদেশ। লাল সবুজ দলে ছিলেন হাকিম আহমেদ, রুবেল,সাগর ইসলাম ও রামকৃষ্ণ সাহা। ৪৬ দেশের মধ্যে তারা ১৯৭৮ স্কোর করেছে।
র্যাঙ্কিং রাউন্ডে বাংলাদেশ সপ্তম হওয়ায় এলিমিনেশনের প্রথম পর্বে বাই পেয়েছে। প্রি কোয়ার্টারে তারা বেলজিয়ামকে ৫-১ সেট পয়েন্টে হারায়।
কোয়ার্টার ফাইনালে রুবেল-সাগরদের প্রতিপক্ষ ছিল তাইপে। শক্তিশালী এই দলের বিপক্ষে ৩-১ সেটে হারে বাংলাদেশ। তাইপে প্রথম সেট ৫৭-৫১ পয়েন্টে জিতে। দ্বিতীয় সেটে বাংলাদেশ ৫৫-৫৪ সেটে জিতে সমতায় ফিরে। তৃতীয় সেটে তাইপে ৫৭-৫৫স্কোরে জিতে আবার এগিয়ে যায়। চতুর্থ সেটে বাংলাদেশ ৫৫-৫৮ তে হারলে দলগত ইভেন্টে অলিম্পিকে অংশগ্রহণের স্বপ্ন শেষ হয়।
দলগত ইভেন্ট শেষ হলেও আগামীকাল রবিবার নারী ব্যক্তিগত ইভেন্টে খেলবেন দিয়া সিদ্দিকী ও শিমু। ব্যক্তিগত ইভেন্টেও পদক নিশ্চিত করলে অলিম্পিকে খেলার সুযোগ মিলবে।