দেশের আর্চারির শূন্যতা আরও বাড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন হাকিম আহমেদ রুবেল। এসএ গেমসে সোনাজয়ী হাঁটলেন অসীম কুমারের পথে। ২০২৩ সালের জানুয়ারি মাসে খেলা ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান অসীম। গত মার্চে দেশটিতে থাকার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন। এবার আর্চারিতে ভবিষ্যৎ নিয়ে শঙ্কা থেকে মার্কিন মুলুকে পা রাখলেন ২০১৯ সালের এসএ গেমসে ছেলেদের রিকার্ভ দলগত ইভেন্টে সোনাজয়ী।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পৌঁছান হাকিম। দেশ ছেড়ে চলে যাওয়ার এই তথ্য দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে যাওয়ার কারণ নিয়ে তার ব্যাখ্যা, ‘অনেক দিন ধরেই আমি আর্চারি ছেড়ে দেওয়ার কথা ভাবছিলাম। এই দেশে আর্চারি খেলে কোনও ভবিষ্যত নেই। মূল্যায়ন নেই। পদক জিতলেও সেভাবে মূল্যায়ন করা হয় না। তাছাড়া দেশের সার্বিক পরিস্থিতিতে আবার কবে খেলাধুলা মাঠে গড়াবে সেটাও বুঝতে পারছিলাম না। সব মিলিয়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। খেলা ছাড়লেও আর্চারি ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতার কমতি নেই। কারণ আর্চারির কারণেই আমি এই অবস্থানে আসতে পেরেছি।’
যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ডের জন্য এবার হাকিমও আবেদন করবেন, ‘এখানে অসীম ভাই আছেন। আমি কোনও একটা কাজের যোগাড় করে নেবো। পাশাপাশি গ্রিনকার্ডেরও আবেদন করবো। ইনশাআল্লাহ দ্রুতই গ্রিন কার্ড পেয়ে যাবো আমি।’
২০১৬ সাল থেকে টানা জাতীয় দলে খেলছেন বিকেএসপির সাবেক আর্চার হাকিম। বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন ৪ বার। বিশ্বকাপের স্টেজ পর্যায়ে ১০ বার খেলেছেন। সর্বশেষ ২০২২ সালে চীনের হাংজু এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন। এশিয়ান আউটডোর চ্যাম্পিয়নশিপে পাঁচ বার খেলে ২০২১ সালে দলগত ইভেন্টে ১টি করে রুপা ও বোঞ্জ জিতেছেন। এশিয়ান গ্রাঁ প্রি সার্কিটে ৮ বার অংশ নিয়ে পদক জিতেছেন প্রত্যেকবার।