বিশ্ব সাঁতারে বাংলাদেশের রাফির দারুণ উন্নতি

হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি চমক দেখিয়েছেন। ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ৩ দশমিক ৯ সেকেন্ড কমিয়ে নিজের সেরা রেকর্ড গড়েছেন। আজ সাঁতার শেষ করেছেন ৫৪ দশমিক ৩৭ সেকেন্ডে। 

১০০ মিটার ব্যাকস্ট্রোকে তার আগের সেরা টাইমিং ছিল ৫৮ দশমিক ২৭ সেকেন্ড। রাফি প্রায় চার সেকেন্ড কমিয়ে অবাক করে দিয়েছেন।

হাঙ্গেরিতে কোচ হিসেবে যাওয়া ফেডারেশনের যুগ্ম সম্পাদক সেলিম মিয়া সংবাদমাধ্যমকে বলেছেন, ‘রাফি অসাধারণ পারফরম্যান্স করেছে। বিশ্ব সাঁতার টুর্নামেন্টে জাতীয় টাইমিংয়ের চেয়ে অনেক কম করেছে। আমরা আনন্দিত।’ 

টাইমিংয়ে উন্নতি করলেও এই ইভেন্টে ৫৪ জন প্রতিযোগীর মধ্যে বাংলাদেশের রাফির অবস্থান ৪৬তম।

মঙ্গলবার রাফির পাশাপাশি মেয়েদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে অংশ নেন যুথি আক্তার। তিনি ৬৩ জনের মধ্যে ৬০তম হয়েছেন। ব্যক্তিগত টাইমিংয়ে উন্নতি হয়েছে তারও। দেশে এই ইভেন্টে যুথির টাইমিং ছিল ১ মিনিট ১১ দশমিক ৮৩ সেকেন্ড। এবার হাঙ্গেরিতে হয়েছে ১ মিনিট ১১ দশমিক ২৫ সেকেন্ড।

১২ ডিসেম্বর রাফি ও যুথি দুই জন ৫০ মিটার ব্যাকস্ট্রোকে অংশ নেবেন।