জাতীয় টেবিল টেনিস দলে দুই শীর্ষ স্থানীয় খেলোয়াড় রামহিম লিয়ান বম ও জাবেদ আহমেদের পাশে এসে দাঁড়িয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আগামী দুই বছরের জন্য দুজনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ওষুধ কোম্পানিটি।
এই সময়ে তাদের মাসিক ভাতা ছাড়াও উন্নত প্রশিক্ষণ এবং দেশের বাইরে খেলার বিষয়ে সাহায্য করার প্রতিশ্রুতি মিলেছে। আজ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডাঃ সাইদ আহমেদ নিজেদের কার্যালয়ে দুজন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছেন।
চুক্তি শেষে জাবেদ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'প্রতিষ্ঠানটি আমাদের নিয়ে আগ্রহ দেখিয়েছে। দুই বছরের জন্য চুক্তিও হয়েছে আজ। চুক্তির আলোকে তারা মাসিক ভাতা ও অন্যান্য সুবিধাদি দেবে। খেলার মানোন্নয়নে সব রকমের সহযোগিতার আশ্বাস মিলেছে। প্রয়োজনে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমরা এমন পৃষ্ঠপোষক পেয়ে অনেক খুশি।'