নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎসবে শামিল হয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। আগের ৭টি জেলায় সফল সমাপ্তির পর চট্টগ্রামেও দিনব্যাপী ছিল নানা আয়োজন।
সকালে চট্টগ্রামের সার্কিট হাউস থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে এম এ আজিজের আউটার স্টেডিয়ামে র্যালি শেষ হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তারুণ্যের উৎসবে আর্চারির দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলসহ অন্যরা।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রামে আর্চারির একটা স্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প স্থাপনে ফেডারেশনের পরিকল্পনার কথা জানান চপল। বিশ্বের বড় বড় ট্রেনিং সেন্টারের আদলে প্রাকৃতিক পরিবেশ ঘেরা স্থানে প্রশিক্ষণ ক্যাম্প স্থাপনের প্রস্তাব দিয়েছেন তিনি।
প্রকল্প বাস্তবায়নে বিভাগীয় কমিশনারের কাছে সহযোগিতা চেয়েছেন। সরকারি সব নিয়ম মেনেই জমির বরাদ্দ পেতে চায় আর্চার ফেডারেশন। এছাড়া চট্টগ্রামে আর্চারি জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনে ইচ্ছার কথা জানানো হয়। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন আর্চারির উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
আর্চারি প্রতিযোগিতায় ১৭ জন আর্চার অংশ নেন। হাড্ডাহাড্ডি লড়াই শেষে লিটন জিতেছেন সোনা। তামিম রৌপ্য ও আদনান ব্রোঞ্জ জয় করেন।