‘আমি আত্মবিশ্বাসী ছিলাম, এবার প্রথম হবো’

জাতীয় সামার অ্যাথলেটিকসে ২০২২ সালের পর আবারও ১০০ মিটারে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন সুমাইয়া দেওয়ান। লড়াই করে হারিয়েছেন অনেক দিন ধরে সেরা হয়ে আসা শিরিন আক্তারকে।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে আবারও সেরা হয়ে নৌবাহিনীর সুমাইয়া সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি পরিশ্রম করে আবার আগের জায়গায় আসতে পেরেছি। সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই নৌবাহিনী, বিকেএসপি, কোচ ও পরিবারকে। আমার পাশে থাকার জন্য। আমার পরিশ্রম সফল হয়েছে। আরও কঠোর পরিশ্রম করে সামনে এগিয়ে যেতে চাই।’

এবার সোনার পদক জিতবেন- এমনটি প্রত্যাশা ছিল সুমাইয়ার, ‘আমি আত্মবিশ্বাসী ছিলাম, এবার  প্রথম হবো। ইনশাআল্লাহ হয়েছি। সামনে এসএ গেমস অবশ্যই ভালো কিছু করবো। আরও পরিশ্রম করে বাংলাদেশকে ভালোভাবে প্রতিনিধিত্ব করার। আমি চেষ্টা করবো ওভারকাম করার।’

শিরিনসহ অন্যদের সঙ্গে ভালোই প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সুমাইয়ার। নৌবাহিনীর অ্যাথলেট নিজেই বললেন, ‘প্রতিদ্বন্দ্বিতা ভালো চোখে দেখছি। আমাকে দেখে নতুন যারা আসছে তারা শিখবে, তারা আমি যে জায়গায় আছি সেখানে আসার চেষ্টা করবে। আমার আত্মবিশ্বাস ছিল। অনুশীলন সেভাবেই করেছি। কোচ আমাকে সেভাবেই দিক নির্দেশনা দিয়েছে। আমার ফিনিশিংয়ে গ্যাপ ছিল আগে, সেটা নিয়ে কাজ করেছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলাতে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছেন সুমাইয়া। চার বছর আগের আনন্দ আর আজকের সাফল্য নিয়ে বললেন, ‘২০২১ সালে একটা আনন্দ এখন আরেকটা আনন্দ। এখন আমি বর্তমান দ্রুততম মানবী। আপনারা সবাই দোয়া করবেন। এসএ গেমসে সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আমার অনেক ভালো টাইমিং হয়েছে। পড়ে যাওয়ার পর আমি ধরে নিয়েছিলাম আমি প্রথম। যদি ফল অন্যরকম হত আমি চ্যালেঞ্জ করতাম।’

এদিকে ফের দ্রুততম মানব হয়ে ইমরানুর রহমান বলেছেন, ‘নৌবাহিনীকে ধন্যবাদ জানাই। আমি ৬-৭ মাস ইনজুরিতে ছিলাম। অপারেশনও হয়েছে, কঠিন সময় পার করে আবার প্রথম হয়েছি এজন্য ভালো লাগছে।’