এক ইরানির জায়গায় আরেক স্বদেশি বংশোদ্ভূত কোচ আসছেন বাংলাদেশে

দীর্ঘদিন ধরে ইরানের আলিপোর আরজি বাংলাদেশ ভলিবল দলের কোচ ছিলেন। আন্তর্জাতিক প্রতিযোগিতা হলেই ইরানের কোচের ডাক পড়তো। এবার নতুন অ্যাডহক কমিটি আসার পর আলিপোর আরজিকে ডাকেনি। তার জায়গায় স্বদেশি বংশোদ্ভূত জাপানের নাগরিক রায়ান মাসাজেদিকে নিয়োগ দিয়েছে।

৪৬ বছর বয়সী রায়ানের অভিজ্ঞতা কম নয়। ইরান জাতীয় দলে খেলেছেন। ছিলেন সহকারী কোচও। ২০২২ সালে জাপানের নাগরিকত্ব নেন। জাপান ছাড়াও কোচিং করিয়েছেন ইন্দোনেশিয়াতেও।

নতুন কোচের ওপর দায়িত্ব কম নয়। ২২-২৮ অক্টোবর ঢাকায় কাবা মেনস নেশন্স কাপ  হবে। এছাড়া এসএ গেমস রয়েছে। যেখানে বাংলাদেশ জাতীয় ভলিবল দল অংশগ্রহণ করবে।

এই দুটি প্রতিযোগিতার জন্য প্রস্তুতি হিসেবে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প বর্তমানে চলছে। রায়ান ১৯ সেপ্টেম্বর ঢাকায় এসে দায়িত্ব পালন করবেন। তার মাধ্যমে সাফল্যের সন্ধানে ভলিবল ফেডারেশন।