টিসিএল জাতীয় যুব পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার সেমিফাইনাল নিশ্চিত করেছে পঞ্চগড়, ঢাকা, যশোর ও কুষ্টিয়া। আগামীকাল বুধবার দুপুর দেড়টায় প্রথম সেমিফাইনালে পঞ্চগড়ের মুখোমুখি হবে যশোর। বিকাল তিনটায় পরের সেমিফাইনালে ঢাকার প্রতিপক্ষ কুষ্টিয়া। প্রতিযোগিতার তৃতীয় দিনে মঙ্গলবার জয় পেয়েছে কুষ্টিয়া, জামালপুর, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ ও ঢাকা।
পল্টনের শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ঢাকা দুটি ম্যাচে অংশ নিয়ে সবকটিতেই জয় পেয়েছে। একটি ম্যাচে দলটি ৩১-০৩ গোলে হারিয়েছে ফরিদপুরকে। প্রথমার্ধে ঢাকা ১৭-০২ গোলে এগিয়ে ছিল। এরপর অন্য ম্যাচে ঢাকা ৩৪-২৩ গোলে জয় পেয়েছে যশোরের বিপক্ষে। এই ম্যাচে প্রথমার্ধে ঢাকা এগিয়ে ছিল ১৮-১৩ গোলে।
অপর খেলায় পঞ্চগড় ৩৪-১৭ গোলে ময়মনসিংহকে হারিয়েছে। বিজয়ী দল প্রথমার্ধে ১৬-১০ গোলে এগিয়ে ছিল। এদিন কুষ্টিয়াও দুই ম্যাচে অংশ নিয়ে দুটি ম্যাচে জয় পেয়েছে। এক ম্যাচে কুষ্টিয়া ২৮-১৫ গোলে মাদারীপুরকে হারিয়েছে। প্রথমার্ধে কুষ্টিয়া ১৫-০৫ গোলে এগিয়ে ছিল। দিনের অন্য খেলায় কুষ্টিয়া ২৮-১৬ গোলে চাঁপাইনবাবগঞ্জকে হারিয়েছে। প্রথমার্ধে ১২-০৪ গোলে কুষ্টিয়া এগিয়ে ছিল। তবে দিনের অন্য ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২৮-২৭ গোলে চাঁপাইনবাবগঞ্জ হারিয়েছে ময়মনসিংহকে। প্রথমার্ধে ১৭-১৩ গোলে এগিয়ে ছিল চাঁপাইনবাবগঞ্জ। দিনের অন্য খেলায় জামালপুর ২৪-১৩ গোলে হারিয়েছে নড়াইলকে। যদিও প্রথমার্ধে ১৩-০৪ গোলে জামালপুর এগিয়ে ছিল ।