বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্ব শেষ হয়েছে গত ৩ জানুয়ারি। তারপর নির্বাচনের কারণে বন্ধ ছিল। এ নিয়ে আলোচনা-সমালোচনা চললেও লিগ কমিটি নির্দিষ্ট সময় বলতে পারছিল না। ক্লাবগুলোরও জানা ছিল না দ্বিতীয় লিগ কবে শুরু হবে। অবশেষে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে লিগের দ্বিতীয় পর্ব ও ফেডারেশন কাপের তারিখ দিয়ে অবশিষ্ট ফিকচার প্রকাশ করেছে।
৬ মার্চ লিগের দ্বিতীয় পর্ব শুরু হবে। দুই রাউন্ড শুরুর পর আবার জাতীয় দলের প্রস্তুতির জন্য বিরতি থাকবে। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে। সেই ম্যাচের জন্য স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা ১৫ মার্চ থেকে অনুশীলন শুরু করতে চান। এজন্য ১৪ মার্চের পর লিগের খেলা রাখেনি ফেডারেশন।
দুই মাস পর লিগ শুরু হচ্ছে। মাত্র দুই ম্যাচ খেলে তৃতীয় ম্যাচের জন্য ২৮ দিন অপেক্ষা করতে হবে ক্লাবগুলোকে। ১০ এপ্রিল পুনরায় লিগ শুরুর পর আর কোনও বিরতি নেই। ২৩ মে লিগ শেষ হবে। লিগের পাশাপাশি ৭ এপ্রিল ফেডারেশন কাপ পুনরায় শুরু হয়ে ১৯ মে ফাইনাল দিয়ে শেষ হবে।