গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসের পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে অল্পের জন্য সেমিফাইনালে উঠতে পারেননি বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।
সোমবার প্রথম রাউন্ডের নবম হিটে লেন-২ থেকে দৌড় শুরু করে ১০.৩৯ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থানে থেকে ফিনিশ করেন ইমরানুর।
এই হিটে ১০.১৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন ত্রিনিদাদ ও টোবাগোর ও. লুইস। দ্বিতীয় স্থানে থাকা ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসের আর. ব্রাথওয়েট ১০.৩৭ সেকেন্ড সময় নেন।
মাত্র ০.০২ সেকেন্ডের ব্যবধানে পিছিয়ে থেকে তৃতীয় হয়ে সেমিফাইনালের টিকিট হাতছাড়া করেছেন ইমরানুর।
অন্যদিকে, নারীদের ১০০ মিটার স্প্রিন্টেও সেমিফাইনালে উঠতে পারেননি বাংলাদেশের স্প্রিন্টার শিরিন আক্তার। প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয়েছে তাকে।
স্কটস্টাউন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের সপ্তম হিটে লেন-৩ থেকে দৌড় শুরু করেন শিরিন। ১০০ মিটার শেষ করতে তিনি সময় নেন ১২.৩৯ সেকেন্ড।
সাত প্রতিযোগীর এই হিটে শিরিন সপ্তম, অর্থাৎ সবার শেষ স্থানে থেকে দৌড় শেষ করেন।
এই হিটে ১১.৩৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন কানাডার এস. ম্যাকক্রেথ। দ্বিতীয় হন গ্যাবনের পি. এল. মৌলিন (১১.৪৭ সেকেন্ড) এবং তৃতীয় হন অস্ট্রেলিয়ার জি. হ্যারিস (১১.৫১ সেকেন্ড)।