এশিয়ান গেমসের প্রথম সোনা জাপানের

স্বাগতিক জাপানের জন্য এর চেয়ে দারুণ শুরু আর কী হতে পারে! এশিয়ান গেমসের প্রথম সোনার পদকটিই ঘরে তুলেছে তারা। রবিবার পুরুষদের ব্যক্তিগত ট্রায়াথলনে সেরা হয়ে ইতিহাস গড়েছেন তাকুমি হোজো।

গামাগোরি শহরে ৭৫০ মিটার সাঁতার, ২০ কিলোমিটার সাইক্লিং এবং ৫ হাজার মিটার দৌড়ের তিন ধাপ মিলিয়ে ৫২ মিনিট ৫৬ সেকেন্ডে প্রতিযোগিতা শেষ করেন ৩০ বছর বয়সী হোজো। চীনের ঝাং শিরুইয়ের চেয়ে ৯ সেকেন্ড এগিয়ে থেকে সোনা জেতেন তিনি। ঝাং রুপা জেতেন। তার ৬ সেকেন্ড পর ফিনিশ করে কাজাখস্তানের আরলান ঝানাবায় ব্রোঞ্জ পদক পান।

এই সোনা জয়ের ফলে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও জায়গা নিশ্চিত হয়েছে হোজোর। নিজের দেশের এশিয়ান গেমসের প্রথম সোনা জিতিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি।

হোজো বলেছেন, ‘এটি আমাদের প্রথম সোনার পদক। তাই জাপান দলের জন্য এটি সত্যিই বড় উৎসাহের ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘আমি শুরু থেকেই দারুণ উজ্জীবিত ছিলাম। এমনকি বৃষ্টিও আমাদের বাধা দেয়নি। স্টার্টিং লাইনে দাঁড়ানোর আগ পর্যন্ত আমি নিজের সেরা অবস্থায় ছিলাম।’