পদক নিশ্চিত করার সহজ সমীকরণটা কঠিন করে ফেললো বাংলাদেশ। এশিয়ান গেমস কাবাডিতে জাপানকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত, সেই সঙ্গে অন্তত ব্রোঞ্জ পদকও নিশ্চিত হয়ে যেত লাল-সবুজের দলের। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিকদের কাছে ৪০-৩৭ পয়েন্টে হেরে গেছে বাংলাদেশ। ফলে পদক জয়ের স্বপ্ন এখন ঝুলছে কঠিন সমীকরণে।
জাপানের বিপক্ষে জয় পেলেই শেষ চারে জায়গা করে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু তিন পয়েন্টের হারে সেই সুযোগ হাতছাড়া হয়েছে। এখন গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে জিততেই হবে মিজানুর রহমান-আল আমিনদের। শুধু ভারতকে হারালেই হবে না, তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলের দিকেও। সব মিলিয়ে বাংলাদেশের জন্য পদকের সমীকরণ এখন বেশ কঠিন।
এর আগে সোমবার ২০১৮ এশিয়ান গেমসের রুপাজয়ী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কাবাডিতে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। পরে একই দিন সন্ধ্যায় চাইনিজ তাইপেকেও হারিয়ে দেয় মিজানুর রহমান-আল আমিনরা। তাতেই ২০ বছর পর পুরুষ কাবাডি থেকে পদক জয়ের সম্ভাবনা জেগেছিল।
জাপানের বিপক্ষে ম্যাচটিই ছিল সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার বড় সুযোগ। জয় পেলেই নিশ্চিত হতো সেমিফাইনাল, আর সেমিফাইনালে উঠলেই অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত। কিন্তু শুরু থেকেই ম্যাচে নিয়ন্ত্রণ নিতে পারেনি বাংলাদেশ।
প্রথমার্ধে একটি লোনাসহ ২২-১৫ পয়েন্টে এগিয়ে যায় জাপান। সাত পয়েন্টের ব্যবধান নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও ম্যাচের চিত্র বদলাতে পারেনি বাংলাদেশ।