এশিয়া কাপের ব্যর্থতার পর এশিয়ান গেমসেও জয়হীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার ব্রোঞ্জ মেডেল ম্যাচে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরে প্রথমবারের মতো এশিয়ান গেমস থেকে খালি হাতে ফিরতে হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর দলের বিদায়ী প্রধান কোচ সারওয়ার ইমরানের কথায় উঠে এসেছে বিসিবির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন।
এশিয়া কাপ ও এশিয়ান গেমসের মাঝামাঝি সময়ে তীব্র সমালোচনার মুখে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন জ্যোতি। এশিয়ান গেমসই ছিল টি-টোয়েন্টিতে তার শেষ অ্যাসাইনমেন্ট। একই সময়ে খবর আসে, এক মাস পর চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া প্রধান কোচ সারওয়ার ইমরানকেও আর রাখছে না বিসিবি। তার জায়গায় নারী দলের প্রধান কোচ হিসেবে ডেভিড হেম্পকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
টুর্নামেন্ট চলাকালীন এমন খবর দলের ওপর প্রভাব ফেলেছে বলেই মনে করছেন ইমরান। পাকিস্তানের বিপক্ষে হারের পর জাপানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘টুর্নামেন্ট চলাকালীন এটা হওয়া (নতুন কোচের খবর, অধিনায়ক বিদায়)... আমরা একটা টুর্নামেন্ট খেলছি, হেড কোচ আর ক্যাপ্টেনকে আপনি সাইজ করে দিলেন, তো কীভাবে আপনি আশা করেন?’
জ্যোতি নিজে থেকেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেওয়ায় বিসিবি বরং বিব্রত—এমন আলোচনা রয়েছে। তবে দলের পারফরম্যান্সে প্রত্যাশিত উন্নতি না হওয়ায় দেশি কোচের পরিবর্তে বিদেশি কোচ নিয়োগের প্রয়োজনীয়তা দেখছে বোর্ড।
এশিয়ান গেমসে ভারতের কাছে সেমিফাইনালে বড় ব্যবধানে হারের পর পাকিস্তানের বিপক্ষেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ১১৪ রানেই থেমে যায় তাদের ইনিংস। ফলে ৩১ রানে হেরে ব্রোঞ্জ পদকও হাতছাড়া হয় বাংলাদেশের।
দলের সমস্যার শুরুটা এশিয়া কাপ থেকেই বলে মনে করেন ইমরান। তার ভাষায়, ‘আমাদের আসলে সমস্যাটা শুরু হয়েছে এশিয়া কাপ থেকে। আমরা এশিয়া কাপে শ্রীলঙ্কার সঙ্গে ক্লোজ ম্যাচ হারি। হারার পর থেকেই আমাদের বিভিন্ন জায়গা থেকে খবর-টবর এসব নিয়ে... এমনকি আমরা ইন্দোনেশিয়া এবং ইউএই-র মতো টিমের সঙ্গেও ১২০-১৩০ করতে পারিনি। এবং ওই জিনিসটা এখনও আমরা এশিয়ান গেমসে ক্যারি করছি।’
পাকিস্তানের বিপক্ষে পাওয়ার প্লেতে ভালো ব্যাটিং করতে না পারাকেই বড় কারণ হিসেবে দেখছেন ইমরান। তিনি বলেন, ‘আজকে হয়তো আমরা যদি পাওয়ার প্লেতে ভালো ব্যাটিং করতে পারতাম, ম্যাচটা জেতা সম্ভব ছিল। ১৪৫ রান মানে পাওয়ার প্লেতে একটা মোটামুটি ৪০-৪৫-এর একটা করতে পারলে... পাওয়ার প্লের রানটাই আমাদের হারিয়েছে।’









