মেসির ১০ নম্বর জার্সি নিয়ে কী বললেন মার্তিনেজ

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসি ৭ অক্টোবর বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচ খেলবেন। এখন প্রশ্ন, মেসির বিদায় আলবিসেলেস্তেদের বিখ্যাত ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে?

বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রীতি ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। জয়ের পর আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ যেন সম্ভাব্য উত্তরটাও দিয়ে দিয়েছেন। তার পছন্দ নিকো পাজ।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচে ৫৬ মিনিট মাঠে ছিলেন পাজ। এই সময়ে একটি গোলের পাশাপাশি অ্যাসিস্টও করেছেন এই মিডফিল্ডার। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি পোস্টের মন্তব্যের ঘরে গিয়ে মার্তিনেজ লিখেছেন, ‘নতুন ১০ নম্বর?’ তার এই মন্তব্যকে পাজের হাতে মেসির ঐতিহাসিক জার্সি তুলে দেওয়ার পক্ষে প্রথম ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে।

মেসি আনুষ্ঠানিকভাবে জাতীয় দলকে বিদায় বলার পর কে ১০ নম্বর জার্সি পরবেন, তা অবশ্য এখনও নিশ্চিত করেননি কোচ লিওনেল স্কালোনি। বলিভিয়ার ম্যাচের আগে তিনি জানিয়েছিলেন, মেসির বিদায়ের পর পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্কালোনি বলেন, ‘এই ম্যাচগুলোতে আমাদের কাউকে ১০ নম্বর পরাতেই হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। তাই লিওর ম্যাচ পর্যন্ত আমরা কাউকে ১০ নম্বর দেবো না। এরপর দেখা যাবে। এখনও আমরা সিদ্ধান্ত নিইনি।’