বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচিত কমিটির এক বছর পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করেছেন তিন কর্মকর্তা। তাদের মধ্যে রয়েছেন সহসভাপতি সারওয়াত সিরাজ শুক্লা এবং নির্বাহী সদস্য সাবেক জাতীয় ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির ও হাবিবুর রহমান জামিল। তাদের পদত্যাগ ঘিরে ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
গত বছরের ৩০ নভেম্বর বিওএর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। চার বছর মেয়াদি কমিটির এক বছর পূর্ণ হওয়ার আগেই মঙ্গলবার পদত্যাগ করলেন এই তিনজন।
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী সারওয়াত সিরাজ শুক্লা পদাধিকারবলে বিওএর সহসভাপতি। পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি পদত্যাগ করেছি। কেন করেছি, এ বিষয়ে কোনো মন্তব্য নেই।’
ঢাকা বিভাগের প্রতিনিধি হিসেবে বিওএর নির্বাহী সদস্য হয়েছিলেন সাবেক জাতীয় তারকা ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির। ব্যক্তিগত ও পারিবারিক ব্যস্ততার কারণ দেখিয়ে তিনি বিওএর মহাসচিব জোবায়েদুর রহমান রানার কাছে অব্যাহতি চেয়েছেন।
এ বিষয়ে মহাসচিব বলেন, ‘সহসভাপতি শুক্লা ও জামিলের চিঠি পেয়েছি। সাব্বির সাহেবেরটা মাত্র পেলাম। পদ শূন্য হলে আমরা গঠনতন্ত্র ও আইওসির নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেব।’
নির্বাচনে জয়ী হওয়ার পর গত ১৮ জুলাই বিএনপি একযোগে ২৮টি ক্রীড়া ফেডারেশনের কমিটি পরিবর্তন করে। প্রতিটি ফেডারেশনই অলিম্পিক ডিসিপ্লিনের অন্তর্ভুক্ত। সেই সময় থেকেই ক্রীড়াঙ্গনে আলোচনা ছিল, এশিয়ান গেমসের পর বিওএর কমিটিতেও পরিবর্তন আসতে পারে। তিন কর্মকর্তার পদত্যাগকে সেই সম্ভাব্য পরিবর্তনের অংশ বলে মনে করছেন অনেকে।
এদিকে আজ ও আগামীকালের মধ্যে আরও কয়েকজন কর্মকর্তার পদত্যাগের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।