কোহলিরা আসেননি, তবে ঢাকায় আসছে ভারতের অন্য দল

রাজনৈতিক টানাপোড়েন কিংবা ব্যস্ততা; যে কারণেই হোক নির্ধারিত সফরে বাংলাদেশে আসেনি ভারতের ক্রিকেট দল। কবে তারা আসবে, তা নিয়েও নেই নিশ্চিত কোনো তথ্য। তবে ক্রিকেটারদের দেখা না মিললেও ঢাকায় আসছে ভারতের আরেকটি দল। নারী হ্যান্ডবল দলের অংশগ্রহণে আগামী ১৮ অক্টোবর শুরু হতে যাচ্ছে বেগম খালেদা জিয়া আইএইচএফ ট্রফি।

১৮ থেকে ২২ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে নারী হ্যান্ডবলের সিনিয়র পর্যায়ের এই আন্তর্জাতিক টুর্নামেন্ট। স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপ-চারটি দেশ এতে অংশ নেবে।

ভারতের সিনিয়র নারী হ্যান্ডবল দল আগামী ১৭ অক্টোবর বিকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহাম্মেদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা প্রথমবার প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে আন্তর্জাতিক টুর্নামেন্ট করতে যাচ্ছি। এখানে আফগানিস্তান জাতীয়তা ও পাসপোর্ট জটিলতার কারণে আসছে না। তবে শক্তিশালী ভারত আসছে। তারা নিয়মমাফিক ভিসা নিয়ে ঢাকায় আসছে। তারা এই টুর্নামেন্টে অন্যতম ফেভারিট দল।’

আফগানিস্তানের অংশগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত চার দল নিয়ে হচ্ছে প্রতিযোগিতা। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের লক্ষ্য ফাইনালে জায়গা করে নেওয়া।