অলিম্পিক অ্যাসোসিয়েশনে পদত্যাগ চলছেই

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) পদত্যাগ চলছেই। শুরুতে এক সহ-সভাপতিসহ তিন জন পদত্যাগ করেন। এরপর একজন উপ-মহাসচিবসহ আরও তিন জন নিজ নিজ পদ থেকে ইস্তফা দিয়েছেন। 

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন উপ-মহাসচিব ও বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান, নির্বাহী সদস্য ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ এবং নির্বাহী সদস্য ও বাংলাদেশ রোইং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম।

আগের দিন পদত্যাগ করেছিলেন সহ-সভাপতি ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী সারওয়াত সিরাজ শুক্লা, দুই নির্বাহী সদস্য ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি রুম্মন বিন ওয়ালী সাব্বির এবং বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

ধারণা করা হচ্ছে আজও ৩৭ সদস্যের কমিটি থেকে আরও কয়েকজন সরে দাঁড়াতে পারেন।

সবাই ব্যক্তিগত কারণ দেখালেও আদতে অন্তর্বর্তীকালীন সার্চ কমিটি থেকে কৌশলে পরবর্তীতে বিওএতে যাওয়া দুই বিতর্কিত কর্মকর্তা মহাসচিব জোবায়েদুর রহমান রানা ও সহ-সভাপতি ইমরোজ আহমেদের বিরুদ্ধে একপ্রকার  অনাস্থা এনে সরে যাচ্ছেন তারা।