হ্যান্ডবল স্টেডিয়াম থেকে বিদেশিসহ দুই কোচের আইফোন গায়েব

আগামীকাল থেকে শুরু হচ্ছে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি। চার দেশের এই প্রতিযোগিতা ঘিরে যখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, ঠিক তখনই পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। জাতীয় নারী হ্যান্ডবল দলের প্রধান কোচ আনা আলোনসো ফ্রাগুয়া ও স্থানীয় কোচ ডালিয়া আক্তারের দুটি মোবাইল ফোন হারিয়ে গেছে অনুশীলনের সময়।

শনিবার দুপুর ২টা থেকে স্টেডিয়ামে জাতীয় দলকে অনুশীলন করাচ্ছিলেন দুই কোচ। তাদের ফোন দুটি রাখা ছিল কোর্টের পাশের একটি টেবিলে। দুপুর পৌনে ৩টার দিকে নিজের ফোনটি খুঁজে না পেয়ে বিষয়টি প্রথম বুঝতে পারেন ডালিয়া। পরে দেখা যায়, টেবিলে পাশাপাশি রাখা দুটি ফোনের কোনোটিই সেখানে নেই। ডালিয়ার ফোনটি আইফোন-১৭ প্রো ম্যাক্স মডেলের।

বিদেশি কোচ আনা আলোনসোর ফোনের সঙ্গে তার ক্রেডিট কার্ডও হারিয়েছে। ঘটনার পর ফোন দুটি উদ্ধারে তৎপর হয়েছেন ফেডারেশনের কর্মকর্তারা। স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে কীভাবে ফোন দুটি উধাও হলো, তা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় হ্যান্ডবল অঙ্গনে তৈরি হয়েছে চাপা উত্তেজনা।

হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহম্মেদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের কোচদের মোবাইল যে নিয়েছে তাকে চিহ্নিত করার চেষ্টা করছি।  এরই মধ্যে তার হদিসও পেয়েছি।  আইন শৃঙ্খলা বাহিনী সজাগ আছে।  আশা করছি, দ্রুত ভালো খবর পাবো।’