১৯৯০ সালে ডানা-গোথিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক ফুটবলে আলোড়ন তুলেছিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। সুইডেন ও ডেনমার্কে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে শিরোপা জয়ের স্মৃতি যেমন আছে, তেমনি ছিল খেলোয়াড়দের বয়স নিয়ে বিতর্কও। বখতিয়ার, হাসান আল মামুনদের সেই সাফল্যের বহু বছর পর আবারও ডানা-গোথিয়া কাপে খেলার আমন্ত্রণ পেয়েছে বিকেএসপি।
আজারবাইজানে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলকে শুভেচ্ছা ও অনুপ্রেরণা জানাতে আজ সোমবার বাফুফে ভবনে উপস্থিত হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। সেখানে তিনি জানান, বিকেএসপির মহাপরিচালক তাকে ডানা-গোথিয়া কাপের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি জানিয়েছেন। ইউরোপের এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য বিকেএসপিকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছেন তিনি। মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী।
আমিনুল ইসলাম বলেছেন, ‘বিকেএসপির ডিজি গতকাল বলছিলেন, ডানা-গোথিয়া কাপে আমন্ত্রণ পেয়েছে। এই টুর্নামেন্টে আমাদের সাফল্য রয়েছে। সেখান থেকে অনেক ফুটবলার উঠে এসেছে। ইউরোপে টুর্নামেন্ট খেললে আমাদের ফুটবলাররা আরও পরিপক্ব হবে। আমি ডিজিকে বলেছি, অবশ্যই সেখানে অংশগ্রহণ করা দরকার। প্রয়োজনীয় উদ্যোগ নেন, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা থাকবে।’
১৯৯০ সালের সাফল্যের সময় খেলোয়াড়দের বয়স নিয়ে যে বিতর্ক উঠেছিল, এবার সে বিষয়ে সতর্ক থাকার কথাও জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, ‘বয়স নিয়ে কোনও জটিলতা হবে না। যে বয়সের খেলা, সেই বয়সের খেলোয়াড়রাই যাবে।’
দীর্ঘদিন পর ডানা-গোথিয়া কাপের আমন্ত্রণ নিয়ে বিকেএসপির পরিচালক প্রশিক্ষণ লে. কর্নেল মাবুদ হাসান বলেছেন, ‘মাত্র অল্প কিছু দিন আগে বিকেএসপির ডিজি মহোদয় ডানা-গোথিয়া কাপ থেকে ই-মেইল পান। জুলাইয়ে অনূর্ধ্ব-১৫ পর্যায়ে সুইডেন ও ডেনমার্কে টুর্নামেন্টটি হবে। মার্চের মধ্যে বিকেএসপিকে অংশগ্রহণের বিষয়ে তাদের জানাতে হবে।’