ভিসা থাকার পরও উজবেকিস্তানে যেতে পারেননি মুহতাসিন আহমেদ হৃদয়। তাসখন্দে যাওয়ার পথে ইমিগ্রেশনের বাধায় আটকে পড়েছিলেন বাংলাদেশের এই টেবিল টেনিস খেলোয়াড়। অবশেষে এশিয়ান টেবিল টেনিস ইউনিয়ন এবং উজবেকিস্তান ও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের উদ্যোগে জটিলতা কাটিয়ে আজ উজবেকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
হৃদয়ের উজবেকিস্তানের ভিসা থাকা সত্ত্বেও দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রবেশের অনুমতি দেয়নি। কয়েকটি দেশের খেলোয়াড় ও কর্মকর্তাদের ওপর সাময়িক নিষেধাজ্ঞার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছিল বলে জানা গেছে। ফলে নির্ধারিত সময়ে তাসখন্দে পৌঁছাতে পারেননি হৃদয়।
অনেক চেষ্টার পর অবশেষে তার যাত্রার পথ খুলেছে। তবে দেরিতে পৌঁছানোর কারণে বাংলাদেশ দলের নির্ধারিত ম্যাচগুলোতে অংশ নেওয়া হচ্ছে না তার।
এখন এককের ম্যাচগুলোতে অংশ নেওয়ার লক্ষ্য হৃদয়ের। বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানোর পর আয়োজক কমিটি তার এককের ম্যাচের সময়সূচি পুনর্নির্ধারণ করেছে।