ফুটবলের উন্নয়নে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ

এএফসি কংগ্রেস চলছে জাপানে। সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের  সহ-সভাপতি এবং শামসুল হুদা ফুটবল অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাসের শাহরিয়ার জাহেদী জাপানের জে-টু লিগের ক্লাব এফসি ইমাবারির  সঙ্গে এক ফলপ্রসূ বৈঠক করেছেন। সমঝোতা স্মারক  স্বাক্ষরের বিষয়ে আলোচনা করতে এই সভা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রস্তাবিত এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো— যুব ফুটবল উন্নয়ন, কোচ ও খেলোয়াড় বিনিময় কর্মসূচিতে পারস্পরিক সহযোগিতা জোরদার করা, যা তরুণ ফুটবলার এবং কোচদের মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করে দেবে।

সভায় এফসি ইমাবারির পক্ষ থেকে মি. তাকুয়া ইয়ামাদা, বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং মিতসুবিশি কর্পোরেশনের এইতো মাতসুয়ুকি উপস্থিত ছিলেন।

এই উদ্যোগটি বাংলাদেশে যুব ফুটবলের উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব অন্বেষণ এবং নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে একটি প্রচেষ্টা বলছেন কর্মকর্তারা।