ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড পেলেন বাংলা ট্রিবিউনের তানজীম আহমেদ

২০২৫ সালের ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন দৈনিক আগামীর সময়ের সিনিয়র সাব-এডিটর রাহেনুর ইসলাম। এ নিয়ে দ্বিতীয়বারের মতো মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতলেন তিনি। এর আগে ২০২৩ সালেও সেরা ক্রীড়া সাংবাদিকের স্বীকৃতি পেয়েছিলেন রাহেনুর। অন্যদিকে, ইন্টারভিউ (প্রিন্ট ও অনলাইন) বিভাগে সেরা রানার্সআপ হয়েছেন বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি তানজীম আহমেদ।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর পল্টনে ফারস হোটেলের সিন্দুরপুর হলে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে অনুষ্ঠিত হয় ক্রীড়া সাংবাদিকদের স্বীকৃতি প্রদানের এই আয়োজন। স্বাধীন বিচারক প্যানেলের মূল্যায়নে সর্বোচ্চ নম্বর পেয়ে জার্নালিস্ট অব দ্য ইয়ারের পুরস্কার হিসেবে তওফিক আজিজ খান ট্রফি ও এক লাখ টাকার চেক জিতে নেন রাহেনুর। এই বিভাগে রানার্সআপ হয়েছেন দৈনিক প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ ও ঢাকা পোস্ট ডটকমের সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়ের।

বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবার টানা ১১তমবারের মতো ক্রীড়া সাংবাদিকদের স্বীকৃতি প্রদানের এই আয়োজন করেছে বিএসপিএ।

এবার আটটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। এক্সক্লুসিভ রিপোর্ট বিভাগে সেরা হয়ে বদি-উজ-জামান ট্রফি জিতেছেন সময় টিভির সিনিয়র রিপোর্টার এস এম ইকবাল কাউসার। এই বিভাগে রানার্সআপ হয়েছেন তিনজন—দৈনিক প্রথম আলোর তারেক মাহমুদ, দ্য রিয়াসাদ আজিমের রিয়াসাদ আজিম এবং দৈনিক প্রথম আলোর জহির উদ্দিন।

ইন্টারভিউ (প্রিন্ট ও অনলাইন) বিভাগে সেরা হয়ে আতাউল হক মল্লিক ট্রফি জিতেছেন রাহেনুর ইসলাম। এই বিভাগে দুই রানার্সআপ দৈনিক প্রথম আলোর তারেক মাহমুদ ও বাংলা ট্রিবিউনের তানজীম আহমেদ। ইন্টারভিউ (টিভি) বিভাগে সেরা হয়েছেন নিউজ টোয়েন্টিফোরের শুভ দেবনাথ। এই বিভাগে রানার্সআপ হয়েছেন যমুনা টেলিভিশনের মেহেদী হাসান নাঈম ও টি স্পোর্টসের মৌসুমী মৌ।

সিরিজ রিপোর্ট বিভাগে সেরা হয়ে আব্দুল হামিদ ট্রফি জিতেছেন ঢাকা পোস্ট ডটকমের আরাফাত জোবায়ের। এই বিভাগে দুই রানার্সআপ দৈনিক আগামীর সময়ের রাহেনুর ইসলাম ও টি স্পোর্টসের রুবেল রেহান।

ফিচার (প্রিন্ট ও অনলাইন) বিভাগে সেরা হয়ে রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন দৈনিক কালের কণ্ঠের শাহজাহান কবীর। এই বিভাগে রানার্সআপ হয়েছেন দৈনিক সমকালের সঞ্জয় সাহা পিয়াল ও দ্য ডেইলি স্টারের আশফাক উল আলম।

ডকুমেন্টারি (টিভি) বিভাগে সেরা হয়েছেন এখন টিভির এসকে শাওন। এই বিভাগে রানার্সআপ হয়েছেন এখন টিভির রওশন শরীফ ও টি স্পোর্টসের রাহুল রায়।

ফটোগ্রাফি বিভাগে সেরা হয়ে বদরুল হুদা চৌধুরী ট্রফি জিতেছেন দৈনিক প্রথম আলোর শামসুল হক টেংকু। এই বিভাগে রানার্সআপ হয়েছেন দ্য ডেইলি স্টারের ফিরোজ আহমেদ ও দৈনিক আগামীর সময়ের মোশারফ হোসেন।

অনুষ্ঠানে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে সিনিয়র ক্রীড়া সাংবাদিক মোস্তফা কামাল ও সিনিয়র ক্রীড়ালেখক মেজর (অব.) শাহাবউদ্দিন চাকলাদারকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।