সিঙ্গাপুরকে উড়িয়ে দিলো বাংলাদেশ

কেনিয়ার কাছে এক পয়েন্টের নাটকীয় হারের ক্ষত ভুলে দারুণভাবে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। সিঙ্গাপুরকে রীতিমতো উড়িয়ে দিয়ে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় জয় তুলে নিয়েছেন মিজানুর-নাসিররা। প্রতিপক্ষকে ৩২ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়ে আবারও জয়ের ধারায় ফিরেছে লাল-সবুজের দল।

ভারতের আহমেদাবাদের ভীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সে মঙ্গলবার ‘বি’ গ্রুপের ম্যাচে সিঙ্গাপুরকে ৬০-২৮ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচে দুই জয়ে বাংলাদেশের সংগ্রহ এখন চার পয়েন্ট।

কানাডাকে ৬৭-২৮ পয়েন্টে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে কেনিয়ার বিপক্ষে তীব্র লড়াইয়ের পর ৩২-৩১ পয়েন্টে হার মানতে হয় তাদের। সেই হারের পর সিঙ্গাপুরের বিপক্ষে বড় জয় তুলে নিয়ে নিজেদের সামর্থ্যের জানান দিলেন বাংলাদেশের কাবাডি খেলোয়াড়েরা।

গ্রুপ পর্বে নিজেদের পরের ম্যাচে বুধবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।