তিন আর্চারের নিখুঁত নিশানা, আর তাতেই স্বর্ণপদক বাংলাদেশের! এশিয়া কাপ আর্চারিতে কম্পাউন্ড নারী দলীয় ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ১০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ।
ফাইনালে কাজাখস্তানের বিপক্ষে ২৩০-২২০ স্কোরে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনির সমন্বিত নৈপুণ্যে নিশ্চিত হয়েছে এই সাফল্য।
ফাইনাল ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী ও ধারাবাহিক পারফরম্যান্স প্রদর্শন করে বাংলাদেশের মেয়েরা। চারটি এন্ডে যথাক্রমে ৫৭, ৫৭, ৫৮ ও ৫৮ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ দলের মোট স্কোর দাঁড়ায় ২৩০। অন্যদিকে, কাজাখস্তান দল চারটি এন্ডে যথাক্রমে ৫৫, ৫২, ৫৬ ও ৫৭ পয়েন্ট অর্জন করে মোট ২২০ পয়েন্ট সংগ্রহ করে। ফলে ১০ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশের নারী আর্চাররা।
বাংলাদেশের স্বর্ণজয়ী দলের সদস্য বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনি। তাদের সম্মিলিত পারফরম্যান্সেই এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশের ঝুলিতে যোগ হয়েছে আরেকটি সোনা।
এদিকে কাজাখস্তানের কাছে হেরে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্টের (স্টেজ-২) কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে রুপা পেয়েছে বাংলাদেশ।
কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে ২৩০-২২৪ স্কোরে হেরেছে বাংলাদেশ। দলের হয়ে খেলেন হিমু বাছার, তরিকুল ইসলাম ও রাকিব নেওয়াজ আহমেদ। এই ইভেন্টে শ্রীলঙ্কাকে ২২৭-২১২ স্কোরে শ্রীলঙ্কাকে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে স্বাগতিক ইরাক।