জয়টা হলো দাপুটে, কিন্তু তাতে সেমিফাইনালের স্বপ্ন বাঁচলো না বাংলাদেশের মেয়েদের। কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়ে আসর শেষ করেছে বাংলাদেশ। বৃষ্টি-খাদিজাদের দাপটে প্রতিপক্ষকে ৭৯-১৩ পয়েন্টে বিধ্বস্ত করেছে দলটি।
বুধবার ভারতের আহমেদাবাদের ভীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য ধরে রেখে ৬৬ পয়েন্টের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় তারা।
চার ম্যাচে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। ‘বি’ গ্রুপে দুই জয় নিয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে দলটি। তবে গ্রুপে তৃতীয় হওয়ায় সেমিফাইনালে ওঠার আশা শেষ হয়ে গেছে বৃষ্টিদের।
কেনিয়ার কাছে ৩৪-২৫ পয়েন্টে হেরে আসর শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে স্কটল্যান্ডকে ৭৫-১৫ পয়েন্টে উড়িয়ে দেয় দলটি। তবে তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩১-২০ পয়েন্টে হেরে সেমিফাইনালের পথে পিছিয়ে পড়ে বাংলাদেশ।