মালয়েশিয়ার কাছে ৬ গোলে হারলো বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে নিজেদের তৃতীয় ম্যাচে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ। শুক্রবার (৩০ অক্টোবর) ভারতের জলন্ধরে মালয়েশিয়ার কাছে ৬-১ গোলে হেরেছে জিমি-আমিরুলরা। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেছেন আমিরুল ইসলাম।

মালয়েশিয়ার বিপক্ষেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম কোয়ার্টারে এক গোল হজম করে পিছিয়ে পড়ে দল। দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান আমিরুল ইসলাম। তবে এই কোয়ার্টারেই আরও দুই গোল হজম করে বিরতিতে ১-৩ গোলে পিছিয়ে থাকে বাংলাদেশ।

বিরতির পরও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে আরও দুই গোল হজম করে তারা। শেষ কোয়ার্টারে মালয়েশিয়া ব্যবধান বাড়ায় আরও এক গোল করে। ছয় গোলের মধ্যে পাঁচটিই পেনাল্টি কর্নার থেকে আদায় করে নেয় মালয়েশিয়া।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সামনে এখনো দুটি ম্যাচ বাকি। পাঁচ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। আর নিচের দুই দল লড়বে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে। তিন ম্যাচের সব কটিতে হেরে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা কার্যত শেষ। এখন তাদের লড়াই করতে হবে পঞ্চম স্থানের জন্য।