এশিয়ান গেমস ক্রিকেটে আজ ‘বি’ গ্রুপের শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে মালয়েশিয়া। এতে করে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া।
নিশিনে আজ মালয়েশিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল ওমানের। কিন্তু টানা বৃষ্টিতে ম্যাচে টসই করা যায়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হলে দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়। এতে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে শেষ আট নিশ্চিত করে মালয়েশিয়া।
অন্যদিকে দুই পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় হংকং। এক পয়েন্ট পাওয়া ওমানকে বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই। ‘বি’ গ্রুপে রানার্সআপ হংকং কোয়ার্টার ফাইনালে খেলবে পাকিস্তানের বিপক্ষে।
গ্রুপ ‘এ’ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে নেপাল ও আফগানিস্তান। আজ এই গ্রুপে নেপাল ও জাপানের খেলা ছিল। এটিও বৃষ্টিতে ভেসে গেছে। তাতে স্বাগতিক জাপান গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।
গ্রুপের শীর্ষ দল নেপালের কোয়ার্টার ফাইনালে খেলা পড়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। এছাড়া আফগানিস্তান খেলবে ভারতের সঙ্গে। আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগেই সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান।
আগামী সোমবার থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল পর্ব।
বাংলাদেশ ও মালয়েশিয়া আগে একবারই খেলেছে। প্রতিদ্বন্দ্বিতাও ভালো হয়েছিল। ২০২৩ সালে চীনে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে সেই ম্যাচে মালয়েশিয়াকে ২ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।