ডাকারে যুব অলিম্পিকে চমক দেখালেন বাংলাদেশের শিপন

সেনেগালের রাজধানী ডাকারে চলছে যুব অলিম্পিক গেমস। আন্তর্জাতিক এই আসরে অ্যাথলেটিকসের ১০০ মিটার স্প্রিন্টে ফাইনালে উঠে চমক দেখিয়েছেন বাংলাদেশের তরুণ অ্যাথলেট শিপন মিয়া। ফাইনালে হয়েছেন সপ্তম। এর আগে বাংলাদেশের কোনও অ্যাথলেট বৈশ্বিক পর্যায়ে কোনও গেমস বা চ্যাম্পিয়নশিপে ফাইনালে যেতে পারেননি।

১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে ১১ দশমিক ০৯ সেকেন্ড সময় নিয়ে ক্যারিয়ারসেরা টাইমিং গড়েন শিপন। নিজের হিটে চতুর্থ হয়ে ফাইনালে জায়গা করে নেন তিনি। দুই সেমিফাইনালের শীর্ষ চারজন এবং দুই হিট মিলিয়ে সেরা টাইমিং করা অ্যাথলেটরা ফাইনালে ওঠেন।

তবে ফাইনালে সেমিফাইনালের পারফরম্যান্স ধরে রাখতে পারেননি বাংলাদেশের এই স্প্রিন্টার। ১১ দশমিক ১৮ সেকেন্ড সময় নিয়ে নয় প্রতিযোগীর মধ্যে সপ্তম হন তিনি। ব্রোঞ্জ পদকজয়ী পোল্যান্ডের অ্যাথলেটের টাইমিং ছিল ১০ দশমিক ৬১ সেকেন্ড। 

এই ইভেন্টে নাইজেরিয়ার ব্রাইট গিফট ১০ দশমিক ২৮ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন। চীনের প্রতিযোগী ঝ্যাং হানগুই (১০ দশমিক ৫৭ সেকেন্ড) রুপা ও পোল্যান্ডের ডোলেগা জিমন (১০ দশমিক ৬১ সেকেন্ড) ব্রোঞ্জ পেয়েছেন। 

এর আগে ২০১৭ সালে বিশ্ব যুব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে উঠেছিলেন বাংলাদেশের জহির রায়হান। দীর্ঘ বিরতির পর শিপনও বৈশ্বিক পর্যায়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন। 

উল্লেখ্য, ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সেনেগালের ডাকারে অনুষ্ঠিত হচ্ছে যুব অলিম্পিক গেমস। এবারের আসরে অ্যাথলেটিকস, বক্সিং ও সাঁতারে চারজন ক্রীড়াবিদ নিয়ে অংশ নিয়েছে বাংলাদেশ।