টেস্টে বাংলাদেশের সফল পাঁচ রান তাড়ার গল্প

স্পোর্টস ডেস্ক
০৯ নভেম্বর ২০২৬, ০৯:০০ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০০

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে রান তাড়া করতে হবে বাংলাদেশকে। চতুর্থ দিন শেষে তাদের লিড ৩১৫ রানের। তাতে করে অবস্থা যেমন দাঁড়াচ্ছে বাংলাদেশকে এই টেস্ট জিততে রেকর্ড করতে হবে। কারণ টেস্টে বাংলাদেশ ২০০৯ সালে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিতেছিল। তখন প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার সেই রেকর্ডকেও পেছনে ফেলতে হবে তাদের। বাংলাদেশের সামনে লক্ষ্য কতটুকু দাঁড়াবে সেটা নির্ভর করছে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ হওয়ার ওপর। 

তার আগে দেখে নেওয়া যাক বাংলাদেশের পাঁচটি সফল রান তাড়ার নজির। 

৫. জিম্বাবুয়ের বিপক্ষে ১০১ রান, মিরপুর, ২০১৪

এই নজিরটি ছিল ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টে আগে ব্যাট করে ২৪০ রান করে জিম্বাবুয়ে। সিকান্দার রাজার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫১ রান।

জবাবে তিন ব্যাটারের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ২৫৪ রান। দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলামের ঘূর্ণিতে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। তাইজুল নেন ৮ উইকেট।

জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১০১ রান। সেই রান তাড়া করতে নেমে একপর্যায়ে কোনো রান না করেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তবে মাহমুদউল্লাহর ২৮ ও মুশফিকুর রহিমের ২৩ রানের ইনিংসে শেষ পর্যন্ত তিন উইকেটে জয় পায় বাংলাদেশ।

৪. আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩৮ রান, মিরপুর, ২০২৩

২০২৩ সালের এপ্রিলে একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসে আয়ারল্যান্ড। প্রথম ইনিংসে ২১৪ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

জবাবে মুশফিকুর রহিমের দুর্দান্ত ১২৬ রানের ইনিংসে ৩৬৯ রান তোলে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে লরকান টাকারের ১০৮ রানের সুবাদে আয়ারল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২৯২। তাতে বাংলাদেশের সামনে লক্ষ্য হয় ১৩৮ রান।

লক্ষ্য তাড়ায় আবারও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন মুশফিক। অপরাজিত ৫১ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। বাংলাদেশ পায় ৭ উইকেটের জয়! 

৩. পাকিস্তানের বিপক্ষে ১৮৫ রান, রাওয়ালপিন্ডি, ২০২৪

২০২৪ সালে পাকিস্তান সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের ২-০ ব্যবধানে ধবলধোলাই করে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সেটিই ছিল বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়। 

রাওয়ালপিন্ডিতে  দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সাইম আইয়ুব ও সালমান আগার হাফ সেঞ্চুরিতে ২৭৪ রান করে পাকিস্তান। জবাবে একপর্যায়ে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে লিটন দাসের ১৩৮ ও মেহেদী হাসান মিরাজের ৭৮ রানের ইনিংসে ২৬২ রান করে দল।

দ্বিতীয় ইনিংসে হাসান মাহমুদের পাঁচ উইকেটের সুবাদে ১৭২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৮৫ রান। রান তাড়ায় ওপেনার জাকির হাসানের ৩৯ বলে ৪০ রানের ঝড়ো ইনিংসের পাশাপাশি দলের অন্য ব্যাটারদের ছোট ছোট অবদান জয়ের পথ সহজ করে। ছয় উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

২. শ্রীলঙ্কার বিপক্ষে ১৯১ রান, কলম্বো, ২০১৭

টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তাড়ার নজিরটি শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৭ সালে কলম্বোয়। প্রথম ইনিংসে দিনেশ চান্দিমালের ১৩৮ রানের ইনিংসে ৩৩৮ রান করে স্বাগতিকরা।

জবাবে সাকিব আল হাসানের ১১৬ রানের দুর্দান্ত ইনিংসে ৪৬৭ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে দিমুথ করুনারত্নের ১২৬ রানের সুবাদে শ্রীলঙ্কা বাংলাদেশের সামনে ১৯১ রানের লক্ষ্য দাঁড় করায়।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিম ইকবালের ৮২ রানের ম্যাচজয়ী ইনিংসে ভর করে চার উইকেটের জয় পায় বাংলাদেশ। এই জয়েই টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তাড়ার নজির তৈরি হয়।

১. ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৭ রান, সেন্ট জর্জেস, ২০০৯

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সফল রান তাড়ার কীর্তি ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেন্ট জর্জেসে পাওয়া সেই জয়টি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়।

প্রথম ইনিংসে ট্রাভিস ডাউলিনের ৯৫ রানের ইনিংসে ২৩৭ রান করে স্বাগতিকরা। জবাবে মুশফিকুর রহিমের ৪৮ রানের ইনিংস সত্ত্বেও ২৩২ রানে অলআউট হয় বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে সাকিব আল হাসানের পাঁচ উইকেটের সুবাদে ২০৯ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ২১৫ রান।

চতুর্থ ইনিংসে সেই লক্ষ্য তাড়া করতে নেমে অসাধারণ ব্যাটিং করেন সাকিব। অপরাজিত ৯৬ রানের ইনিংসে দলকে চার উইকেটের ঐতিহাসিক জয় এনে দেন তিনি। টেস্টে এটিই বাংলাদেশের এখন পর্যন্ত সর্বোচ্চ সফল রান তাড়ার নজির।

 

/এফআইআর/
সম্পর্কিত
হৃদয় মনে করেন, ৩৫০ রানও তাড়া করা সম্ভব
সিলেটে জিততে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে
হজের সেঞ্চুরিতে লিড তিনশ ছাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজের
সর্বশেষ খবর
টাকা নিয়ে বের হলেই টার্গেট, বাগেরহাটে ছিনতাইয়ের দৌরাত্ম্য
টাকা নিয়ে বের হলেই টার্গেট, বাগেরহাটে ছিনতাইয়ের দৌরাত্ম্য
কটূক্তি নয়, প্রশংসায় ভরুক সোশ্যাল মিডিয়া!
কটূক্তি নয়, প্রশংসায় ভরুক সোশ্যাল মিডিয়া!
এ যেন দেশের ভেতরে আরেক সাম্রাজ্য, যেখানে পুলিশও যেতে ভয় পায়
এ যেন দেশের ভেতরে আরেক সাম্রাজ্য, যেখানে পুলিশও যেতে ভয় পায়
মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
সর্বাধিক পঠিত
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ