জাতীয় মহিলা দাবায় প্রথমবার চ্যাম্পিয়ন ওয়াদিফা

শেষ রাউন্ডে জয় দিয়ে ৪৪তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের শিরোপা নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ। ১৩ খেলায় সাড়ে ৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। জাতীয় মহিলা দাবায় এটি তার প্রথম শিরোপা।

রবিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের হলরুমে অনুষ্ঠিত শেষ রাউন্ডে কালো ঘুঁটি নিয়ে খেলতে নামেন ওয়াদিফা। নিমজো-ইন্ডিয়ান ডিফেন্স পদ্ধতির খেলায় ৪২ চালে মানিকগঞ্জের নাজরানা খান ইভাকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন তিনি।

তবে রানারআপ কে হবেন, তা এখনও নির্ধারিত হয়নি। ১৩ খেলায় সাড়ে ৮ পয়েন্ট করে পেয়েছেন পাঁচ দাবাড়ু। তারা হলেন— গতবারের চ্যাম্পিয়ন নোশিন আঞ্জুম, ওয়ারসিয়া খুশবু, ওয়ালিজা আহমেদ, নুশরাত জাহান আলো ও নীলাভা চৌধুরী।

রানারআপ থেকে ষষ্ঠ স্থান নির্ধারণে আগামীকাল এই পাঁচ দাবাড়ু প্লে-অফে অংশ নেবেন।