বয়স মাত্র ১১। অথচ দাবার বোর্ডে এরই মধ্যে ইতিহাসের পাতায় নাম লিখে ফেলেছে বোধানা শিবানন্দন। দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বের সর্বকনিষ্ঠ নারী গ্র্যান্ডমাস্টারের স্বীকৃতি পেয়েছে উত্তর-পশ্চিম লন্ডনের এই দাবাড়ু। উজবেকিস্তানের সমরকন্দে শেষ হওয়া ৪৬তম দাবা অলিম্পিয়াডে ইংল্যান্ডের হয়ে খেলার সময়ই এসেছে এই অনন্য অর্জন।
রবিবার শেষ হয়েছে দাবা অলিম্পিয়াড। একই দিন প্রকাশিত এক ইউটিউব সাক্ষাৎকারে আন্তর্জাতিক দাবা ফেডারেশন (ফিদে)-কে বোধানা জানিয়েছেন, এখানেই থামতে চান না তিনি। বরং সামনে আরও ইতিহাস গড়ার লক্ষ্য তার।
তিনি প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এটি করতে পেরে আমি খুশি। তবে আমি এখানেই থেমে যেতে চাই না। এগিয়ে যেতে চাই এবং আরও ইতিহাস গড়তে চাই।’
এর আগেও ইতিহাস গড়েছেন বোধানা। ব্রিটেনের সর্বকনিষ্ঠ নারী দাবা চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি যেকোনো খেলায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়ও তিনি।
সমরকন্দে দাবা অলিম্পিয়াডে খেলা নিয়ে কোনো চাপ অনুভব করেছিলেন কি না- এমন প্রশ্নের জবাবে বোধানা বলেন, ‘আসলে তেমন নয়। আমি শুধু খেলাটা উপভোগ করার চেষ্টা করেছি।’
এটি ছিল তার দ্বিতীয় দাবা অলিম্পিয়াড। আগেরবারের অভিজ্ঞতার সঙ্গে এবারের খুব বেশি পার্থক্যও দেখেননি তিনি। বোধানা বলেন, ‘অনেকটা আগেরবারের মতোই মনে হয়েছে। শুধু এবার আমি অন্য বোর্ডে খেলেছি।’