র‌্যাঙ্কিং ফিরে পাওয়ার লক্ষ্য নিয়ে চাইনিজ তাইপে যাচ্ছে বাংলাদেশ

আন্তর্জাতিক রাগবিতে র‌্যাঙ্কিং ফিরে পাওয়ার লক্ষ্য নিয়ে নতুন অভিযানে নামছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পথে এগিয়ে যাওয়ার স্বপ্নও দেখছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেই লক্ষ্যে ২০ থেকে ২২ নভেম্বর চাইনিজ তাইপেতে অনুষ্ঠিতব্য এশিয়া রাগবি এমিরেটস সেভেনস ট্রফিতে অংশ নেবে বাংলাদেশ জাতীয় পুরুষ দল।

লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, স্বাগতিক চাইনিজ তাইপে ও ফিলিপাইন। প্রতিযোগিতাকে সামনে রেখে এক মাসের প্রস্তুতি শেষে ১২ সদস্যের দল গঠন করেছে বাংলাদেশ রাগবি ফেডারেশন।

দলের লক্ষ্য সম্পর্কে টিম ম্যানেজার সাইদ আহমেদ জানান, গত বছর আন্তর্জাতিক র‌্যাঙ্কিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার সেগুলো ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিং-সংক্রান্ত শর্ত পূরণ করে সামনে এগিয়ে যেতে চায় দল। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগও তৈরি হবে।

দেশে রাগবির পরিধি বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছে ফেডারেশন। সহসভাপতি তারেক চৌধুরী জানান, বর্তমানে দেশের ১৪ জেলায় রাগবির কার্যক্রম চলছে। রয়েছে ২৪টি ক্লাব। সামনে নেপাল ও পাকিস্তানে বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রস্তুতিও রয়েছে তাদের। পাশাপাশি ২০২৭ সালের ডিসেম্বরে এশিয়া রাগবি সেভেনস ট্রফি আয়োজনের পরিকল্পনা করছে ফেডারেশন।

স্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরির উদ্যোগের কথাও জানিয়েছেন সাধারণ সম্পাদক আক্তার উজ জামান। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের রাগবিকে এগিয়ে নিতে চাইনিজ তাইপের এই টুর্নামেন্টকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে ফেডারেশন।