বাস্কেটবল দল নিয়ে ভারত সফরে যেতে চায় ফেডারেশন

দেশের বাস্কেটবলকে এগিয়ে নিতে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটি। জাতীয় পুরুষ দলকে উন্নত প্রশিক্ষণ ও আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা দিতে ভারত সফরে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতের খেলোয়াড় তৈরিতে অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা দল গঠন, ফেডারেশনের নির্বাচন আয়োজন এবং নিজস্ব মাঠ বা স্থায়ী ভেন্যুর ব্যবস্থা করার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) পল্টনের জাতীয় স্টেডিয়ামে ফেডারেশনের অ্যাডহক কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি মো. হাসান। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাশেদুল হাসান খোকনসহ কমিটির অন্যান্য সদস্য।

সভায় জাতীয় পুরুষ বাস্কেটবল দলকে ভারত সফরে পাঠানোর বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। সফরের মাধ্যমে খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের পাশাপাশি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করতে চায় ফেডারেশন।

দেশের বাস্কেটবলের ভবিষ্যৎ খেলোয়াড় তৈরির লক্ষ্যে অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা দল গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এ জন্য খেলোয়াড় বাছাইয়ে একটি সিলেকশন কমিটি গঠন করা হয়েছে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে দীর্ঘমেয়াদি দল গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ফেডারেশনের পরবর্তী নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরুর সিদ্ধান্ত হয়েছে সভায়। এছাড়া বাস্কেটবলের জন্য নিজস্ব মাঠ কিংবা স্থায়ী ভেন্যুর ব্যবস্থা করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

সভায় ফেডারেশনের সভাপতি মো. হাসান বলেন, ‘আমি নিজেও একজন বাস্কেটবল খেলোয়াড় ছিলাম। স্কুলে আমি বাস্কেটবল খেলেছি। আমার প্রতিষ্ঠান বাংলাদেশ আর্চারি ফেডারেশনে পৃষ্ঠপোষকতা করছে। এবার বাস্কেটবলকে অন্য উচ্চতায় নিতে চাই। সবার সদিচ্ছা এবং সৎ চেষ্টা থাকলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।’

এছাড়া মহান বিজয় দিবস কাপ আয়োজন, প্রিমিয়ার ও মহিলা বাস্কেটবল লিগ এবং রেফারিদের উন্নয়ন নিয়েও সভায় আলোচনা হয়েছে। ২০২৭ সালের বার্ষিক ক্রীড়া ক্যালেন্ডার প্রণয়নের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নবগঠিত অ্যাডহক কমিটি দেশের বাস্কেটবলের আধুনিকায়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় জানিয়েছে।