ক্রীড়াবিদ ও পরিবারের চিকিৎসায় বিশেষ ছাড়ের ব্যবস্থা

মাঠের লড়াইয়ে দেশের জন্য পদক ও সাফল্য এনে দেন ক্রীড়াবিদরা। এবার তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ল্যাবএইড গ্রুপ। এর ফলে ক্রীড়া কার্ডধারী খেলোয়াড় ও তাদের পরিবারের সদস্যরা ল্যাবএইড হাসপাতাল, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এবং টেলিমেডিসিন সেবায় বিশেষ ছাড় পাবেন।

রবিবার (২২ নভেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সভাপতিত্ব করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।

চুক্তি অনুযায়ী, ক্রীড়া কার্ডধারীরা ল্যাবএইডের বিভিন্ন প্রতিষ্ঠানে বহির্বিভাগের প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি পরীক্ষায় ৩০ শতাংশ ছাড় পাবেন। এ ছাড়া সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, ইকো, ইটিটি ও আলট্রাসনোগ্রামসহ নির্দিষ্ট পরীক্ষায় মিলবে ১৫ শতাংশ ছাড়। হাসপাতালে ভর্তি রোগীদের বেড চার্জেও থাকবে বিশেষ ছাড়।

ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের প্যাথলজি, বায়োকেমিস্ট্রি ও বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষার ক্ষেত্রেও ছাড় পাবেন ক্রীড়াবিদরা। পাশাপাশি ভর্তি রোগী ও কেমো ডে-কেয়ারের বেড চার্জেও বিশেষ সুবিধা রাখা হয়েছে।

শুধু হাসপাতালভিত্তিক চিকিৎসাসেবাই নয়, টেলিমেডিসিনের সুবিধাও পাবেন ক্রীড়া কার্ডধারীরা। লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, বাসায় নমুনা সংগ্রহ, অ্যাম্বুলেন্স বুকিংয়ে সহায়তা এবং বাসায় ওষুধ পৌঁছে দেওয়ার মতো সেবা নির্ধারিত ছাড়ে নিতে পারবেন তারা।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ক্রীড়া উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। খেলাধুলাকে শুধু বিনোদন কিংবা অবসর কাটানোর মাধ্যম হিসেবে সীমাবদ্ধ না রেখে সম্মানজনক পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে সরকার।

ক্রীড়াবিদদের আর্থসামাজিক উন্নয়নে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা বা ভাতা দেওয়ার কার্যক্রমও শুরু হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তার মতে, এই উদ্যোগ ক্রীড়াবিদদের প্রতি রাষ্ট্রের সম্মান, স্বীকৃতি ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।

আমিনুল হক বলেন, সরকার এমন একটি ক্রীড়াব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে খেলোয়াড়রা প্রশিক্ষণ, চিকিৎসা, আর্থিক সহায়তা, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা পাবেন। এমনকি অবসর-পরবর্তী জীবনেও তাদের পাশে থাকবে রাষ্ট্র ও সমাজ।

ক্রীড়াবিদদের স্বাস্থ্যসেবার পাশাপাশি ভবিষ্যতে ক্রীড়া কার্ডের মাধ্যমে আরও কল্যাণমূলক সুবিধা যুক্ত করার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে এই উদ্যোগে সম্পৃক্ত করে ক্রীড়াবিদদের জন্য সমন্বিত কল্যাণব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা তার।