সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে শেষ মুহূর্তের গোলে হেরে বাংলাদেশের বিদায়ে হতাশা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য হিসেবে এবারও দেশের শিরোপা জয়ের স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন পূরণ না হওয়ায় অপেক্ষা আরও দীর্ঘ হলো বলে আক্ষেপ করেছেন সাবেক এই ফুটবলার।
রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আমিনুল হক।
তিনি বলেন, ‘টুর্নামেন্টের শুরু থেকেই আমি আশাবাদী ছিলাম। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর আমাদের প্রত্যাশা আরও বেড়ে গিয়েছিল। কিন্তু পাকিস্তানের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে সব স্বপ্ন শেষ হয়ে গেল। এটা সত্যিই হতাশাজনক।’
২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আমিনুল হক। দীর্ঘ ২৩ বছর পর ঘরের মাঠে আবারও সাফের শিরোপা জয়ের স্বপ্ন দেখছিলেন তিনি। এবার সেই স্বপ্ন পূরণ না হওয়ায় তার কণ্ঠে ঝরেছে আক্ষেপ।
আমিনুল হক বলেন, ‘২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়া দলের একজন গর্বিত সদস্য ছিলাম আমি। আশা করেছিলাম, ২০২৬ সালে নতুন একটি দল সেই সাফল্যের পুনরাবৃত্তি করবে। কিন্তু দুর্ভাগ্যবশত এবারও আমাদের অপেক্ষা দীর্ঘ হলো। আশা করি, আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের কাঙ্ক্ষিত শিরোপা জিতবে।’
পাকিস্তানের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হারের পরও বাংলাদেশ দলের খেলোয়াড়দের প্রচেষ্টার প্রশংসা করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। একই সঙ্গে পুরো টুর্নামেন্টে দর্শকদের সমর্থন ও ফুটবলের প্রতি মানুষের আগ্রহকেও ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।
ক্ষমা চেয়ে শ্রাবণ বললেন, ‘আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ’