আর্চারি ফেডারেশনের নেতৃত্বে আবারও কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের ২৯ সদস্যের কার্যনির্বাহী কমিটির আসন্ন নির্বাচনে সভাপতি পদে তার বিপরীতে কেউ মনোনয়নপত্র জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন বর্তমান সভাপতি চপল।
জাতীয় ক্রীড়া পরিষদে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন চপল। নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর আর্চারি ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২৬ নভেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।
মোট ৬২ জন কাউন্সিলর বা ভোটারের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ২৯টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। সভাপতি পদে একজন প্রার্থী থাকলেও অন্য পদগুলোতে রয়েছে প্রতিদ্বন্দ্বিতা। সহসভাপতির পাঁচটি পদের বিপরীতে মনোনয়ন জমা দিয়েছেন ছয়জন। সাধারণ সম্পাদক পদের জন্য লড়বেন তিনজন। দুটি যুগ্ম সম্পাদক পদের বিপরীতে তিনজন এবং কোষাধ্যক্ষের একটি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন দুজন। এ ছাড়া ১৯টি কার্যনির্বাহী সদস্য পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ২২ জন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বর্তমান সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। তার দাবি, আর্চারি একটি সুশৃঙ্খল ক্রীড়া সংস্থা। তারা অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) চার্টার ও আন্তর্জাতিক ফেডারেশনের বিধিমালার প্রসঙ্গ টেনে চপল বলেন, ‘আন্তর্জাতিক সংস্থাগুলোর মূল চাহিদা হলো, তাদের অধিভুক্ত জাতীয় ফেডারেশনগুলো নির্বাচিত কমিটির মাধ্যমে পরিচালিত হতে হবে। মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এডহক কমিটি গঠনের তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা ছিল। সেই ধারাবাহিকতায় প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আমরা নির্বাচনের পথে ধাবিত হয়েছি।’
এডহক কমিটির সভাপতি থেকে নির্বাচিত সভাপতি হওয়ার মধ্যে দায়িত্ব ও জবাবদিহির বড় পার্থক্য দেখছেন চপল। তার ভাষায়, ‘এডহক কমিটি সরকার নিয়োগ দিয়েছিল, কিন্তু নির্বাচিত হয়ে কাজ করার মধ্যে একটা বড় ভিন্নতা রয়েছে। নির্বাচিত হলে সভাপতি, সাধারণ সম্পাদক, ভাইস প্রেসিডেন্টসহ কমিটির প্রতিটি সদস্যের দায়িত্ব ও জবাবদিহিতা অনেক গুণ বেড়ে যায়। আমরা সবাই নিজ ইচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে মনোনয়ন জমা দিয়েছি, তাই এখন আর দায়িত্ব থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।’
নির্বাচনে প্যানেল পদ্ধতি নিয়ে প্রশ্নের জবাবে চপল বলেন, আন্তর্জাতিক বিধান অনুযায়ী খেলাধুলায় কোনো প্যানেল, রাজনীতি কিংবা পক্ষপাতের জায়গা নেই। তাঁর লক্ষ্য, বাংলাদেশ আর্চারি দলকে বিশ্বের শীর্ষ ১০টি দেশের কাতারে নিয়ে যাওয়া। এ জন্য সাত বছরের একটি সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে, যা সরকারের সহযোগিতায় বাস্তবায়ন করতে চান তারা।
এই পরিকল্পনার আওতায় কোচের সংখ্যা বাড়ানোর পাশাপাশি খেলোয়াড়দের জন্য সুসংগঠিত সুযোগ-সুবিধা নিশ্চিত করার কথা জানিয়েছেন চপল। আলাদা নির্বাচনী ইশতেহারের প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেন, সাত বছরের মহাপরিকল্পনাই তাদের প্রধান ইশতেহার।
নির্বাচনে কোনো ধরনের প্রভাব বা হস্তক্ষেপের অভিযোগও নাকচ করেছেন বর্তমান সভাপতি। তার দাবি, প্রার্থীরা সম্পূর্ণ স্বাধীনভাবে ও নিজ আগ্রহে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সর্বস্তরে গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নীতি অনুসরণ করাই তাদের লক্ষ্য।