আবারও পেছালো এসএ গেমস

দক্ষিণ এশিয়ান (এসএ) গেমস আয়োজন নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। একের পর এক সূচি পরিবর্তনের পর আবারও পিছিয়ে গেলো প্রতিযোগিতাটির ১৪তম আসর। আগামী এপ্রিলে মাঠে গড়ানোর কথা থাকলেও শেষ পর্যন্ত পাঁচ মাস পিছিয়ে ২০২৭ সালের সেপ্টেম্বরে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। 

বিষয়টি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন।

সংস্থাটি জানিয়েছে, ষষ্ঠ এশিয়ান ইনডোর ও মার্শাল আর্টস গেমসের সূচি পরিবর্তনের কারণে এসএ গেমসও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দুই প্রতিযোগিতাতেই যেন ক্রীড়াবিদেরা অংশ নেওয়ার সুযোগ পান, সেটি বিবেচনায় রেখেই নতুন সূচি নির্ধারণ করা হয়েছে।

এসএ গেমসের সর্বশেষ আসর অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে নেপালের কাঠমান্ডুতে। পরবর্তী আসর ২০২৩ সালে আয়োজনের পরিকল্পনা থাকলেও নানা কারণে তা সম্ভব হয়নি। এরপর একাধিকবার সূচি পরিবর্তন হয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই ক্রীড়া প্রতিযোগিতার।

এবার নতুন সূচি অনুযায়ী, ২০২৭ সালের সেপ্টেম্বরে ১৪তম এসএ গেমস আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। তবে অতীতের অভিজ্ঞতায় নির্ধারিত সময়ে প্রতিযোগিতাটি মাঠে গড়ানো নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।