অন্তঃসত্ত্বা স্ত্রী ও এক কন্যাকে রেখে চলে গেলেন ডব্লিউডব্লিউই তারকা 

চলে গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড। চিকিৎসাজনিত জটিলতায় ৩৮ বছর বয়সে মারা গেছেন অস্ট্রেলিয়ান এই রেসলার। তার আসল নাম জারমেইন হ্যালি।

শুক্রবার হ্যালির মৃত্যুর খবর নিশ্চিত করেছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই)। তবে কী ধরনের চিকিৎসাজনিত জটিলতায় তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি তারা। 

এক বিবৃতিতে ডব্লিউডব্লিউই বলেছে, ‘জারমেইন হ্যালি, যিনি ব্রনসন রিড নামে পরিচিত, আজ দিনের শুরুতে চিকিৎসাজনিত জটিলতায় ৩৮ বছর বয়সে মারা গেছেন। ডব্লিউডব্লিউই গভীরভাবে শোকাহত।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ডব্লিউডব্লিউইতে জারমেইন ছিলেন বিশাল ব্যক্তিত্বের অধিকারী। তবে তার চেয়েও বড় কথা, তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ, পরিবারের প্রতি নিবেদিত একজন ব্যক্তি এবং সহকর্মীদের অত্যন্ত প্রিয়। তার অন্তঃসত্ত্বা স্ত্রী পেইজ, তাদের কন্যাসন্তানসহ পরিবারের সদস্য, বন্ধু, সহকর্মী ও ভক্তদের প্রতি আমাদের গভীর সমবেদনা।’

গত ৬ নভেম্বর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ডব্লিউডব্লিউই ক্রাউন জুয়েলে সর্বশেষ রিংয়ে দেখা গিয়েছিল হ্যালিকে। ওই অনুষ্ঠানে ওবা ফেমির বিপক্ষে ম্যাচ খেলেছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে জন্ম নেওয়া হ্যালি ২০১৯ সালে ডব্লিউডব্লিউইতে যোগ দেন। প্রতিষ্ঠানটির সঙ্গে তার দুই দফায় কাজ করার অভিজ্ঞতা ছিল।