মাদ্রিদের ফুটবল ক্লাবটির ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু। এখানেই ফেদেরার-নাদালের ম্যাচ আয়োজন করার ইচ্ছা রিয়াল সভাপতির। এখনও আলোচনা পর্যায়ে থাকলেও পেরেজ নাকি খুব করে চাইছেন সময়ের সেরা দুই তারকার টেনিস ম্যাচ আয়োজন করতে।
দিনকয়েক আগে ইউএস ওপেনের শিরোপা জিতেছেন নাদাল। তাতে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরারের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন স্প্যানিশ তারকা। সুইস কিংবদন্তির ২০ গ্র্যান্ড স্লাম থেকে মাত্র একটি পিছিয়ে আছেন নাদাল। বার্নাব্যুতে তাদের ম্যাচ আয়োজন করে টেনিস ম্যাচের দর্শক সংখ্যায় নতুন রেকর্ড গড়ার পরিকল্পনা রিয়ালের।
স্পেনের এই বিখ্যাত স্টেডিয়ামটির ধারণক্ষমতা ৮১ হাজার ৪৪। এখন পর্যন্ত টেনিসে সবচেয়ে বেশি দর্শক হওয়ায় ঘটনা সেরেনা উইলিয়ামস ও কিম ক্লাইস্টার্সের ম্যাচে। ২০১০ সালে ব্রাসেলসের এই লড়াইয়ে দর্শক হয়েছিল ৩৫ হাজার ৬৮১।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এবিসি’র খবর, বৃহস্পতিবার রাতে পেরেজ তার চিন্তা-ভাবনার কথা ভাগাভাগি করেছেন বোর্ড সদস্যের সঙ্গে। বার্নাব্যুতে ফেদেরার-নাদালের ম্যাচ আয়োজন করতে চান তিনি।
অবশ্য এবারই প্রথম কোনও টেনিস ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে না রিয়াল। ২০১২ সালেও বার্নাব্যুতে টেনিস ম্যাচের ভেন্যু করতে চেয়েছিল তারা নাদাল-নোভাক জোকোভিচের ম্যাচ দিয়ে। দুই খেলোয়াড় রাজি থাকলেও শেষ পর্যন্ত হয়নি। হাঁটুর চোটে নাদাল ছিটকে গিয়েছিলেন কোর্টের বাইরে, যে কারণে ২০১২ সালের লন্ডন অলিম্পিকেও খেলা হয়নি এই স্প্যানিয়ার্ডের।
বার্নাব্যুতে ফেদেরার ও নাদালের ম্যাচ এখনও পরিকল্পনায়। তবে তার আগেই দুই কিংবদন্তি সামনের বছরের ৭ ফেব্রুয়ারি মুখোমুখি হচ্ছেন কেপ টাউনের ৫৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে। যে ম্যাচটি দিয়ে ভেঙে যাচ্ছে সেরেনা-ক্লাইস্টার্সের গড়া সবচেয়ে বেশি দর্শক হওয়ার রেকর্ড। মার্কা