ক্যানসারের কাছে হেরে গেলেন বাংলাদেশের সাবেক চ্যাম্পিয়ন

কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ জাতীয় টেনিস দলের সাবেক চ্যাম্পিয়ন শোভন জামালী (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৫ এপ্রিল) অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে বাংলাদেশ সময় সকাল পৌনে ১১টায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। আগামীকাল বুধবার মরহুমের জানাজার নামাজ ক্যানবেরাতে হবে। টেনিস ফেডারেশন থেকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। 

শোভন জামালী ১৯৮৬ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ১০ বার বাংলাদেশ ডেভিস কাপ দলের অন্যতম খেলোয়াড় ছিলেন। তিনি ডেভিস কাপে বাংলাদেশের হয়ে মোট ৫৩টি ম্যাচ খেলে জিতেছেন ২৫টি। টেনিস ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক মাসুদ হাসান জামালীর সন্তান ছিলেন তিনি।

শোভন জামালীর মৃত্যুতে টেনিস ফেডারেশেনের কার্যনির্বাহী কমিটি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।