অগ্নিপরীক্ষা দিয়ে ফ্রেঞ্চ ওপেনে আবারও চ্যাম্পিয়ন শিয়াটেক

ফ্রেঞ্চ ওপেনে গতবারের চ্যাম্পিয়ন ইগো শিয়াটেক। র‌্যাংকিংয়ের শীর্ষে থেকে শিরোপা ধরে রাখার মিশনে এবার নেমেছিলেন তিনি। পোল্যান্ডের তারকাকে কঠিন পরীক্ষা দিতে হলো। ক্যারোলিনা মুচোভার বিপক্ষে অগ্নিপরীক্ষা দিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলেন তিনি।

ফিলিপ্পে ছাত্রিয়েরে প্রথম সেট ৬-২ গেমে মুচোভাকে উড়িয়ে দেন শিয়াটেক। দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয়। চেক প্রতিপক্ষ দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান। ম্যাচ গড়ায় তৃতীয় সেটে। সেখানেও হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত বড় মুহূর্তে স্নায়ু ধরে রেখে জিতে নেন শিয়াটেক।

৬-২, ৫-৭, ৬-৪ গেমে মুচোভাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের সিংহাসন ধরে রাখলেন শিয়াটেক।

এনিয়ে চার বছরে তৃতীয়বার ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হলেন শিয়াটেক। ২০২০ সালে প্রথমবার এই কোর্টে রানি হন তিনি। গত বছর দ্বিতীয় ফ্রেঞ্চ ওপেন জয়ের পর ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম জেতেন ইউএস ওপেনে। এবার সেটা বাড়িয়ে নিলেন চারে।

২২ বছর বয়সী শিয়াটেক সেরেনা উইলিয়ামসের পর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে নারীদের এককে চারটি গ্র্যান্ড স্লাম জিতলেন।