আলেক্সান্দার জভেরেভের ফোরহ্যান্ড তার প্রান্তের নেটে লাগলো। মাটিতে শুয়ে হাত দিয়ে মুখ ঢেকে ফেললেন কার্লোস আলকারাজ। দুই হাত মুষ্টিবদ্ধ করে গর্জন। নিজেকেও যেন বিশ্বাস করাতে পারছিলেন না স্প্যানিশ তরুণ টেনিস তারকা। ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল জিতলেন অবিশ্বাস্য প্রত্যাবর্তনে। প্রথম তিন সেটে ২-১ এ পিছিয়ে পড়ার পর পাঁচ সেটের থ্রিলার জিতে প্রথমবার রোলাঁ গারোঁর কোর্টে শিরোপা উৎসব করলেন তিনি, গড়লেন ইতিহাস।
৪ ঘণ্টা ১৯ মিনিটের ফাইনালে ৬-৩, ২-৬, ৫-৭, ৬-১, ৬-২ গেমে জিতলেন আলকারাজ। প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে নিজের প্রথম তিনটি গ্র্যান্ডস্লাম জিতলেন ভিন্ন তিন সারফেসে। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে হার্ড, ক্লে ও গ্রাস কোর্টে শিরোপা উঁচিয়ে ধরলেন ২১ বছর বয়সী তৃতীয় বাছাই। রেকর্ড ভাঙলেন আরেক স্প্যানিশ তারকা রাফায়েল নাদালের।
২০২২ সালে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হন আলকারাজ। পরের বছর উইম্বলডনে শ্রেষ্ঠত্বের মুকুট পড়েন, এবার ট্রফি জিতলেন লাল দুর্গে।
ট্রফি হাতে নেওয়ার পর আলকারাজ গ্যালারিতে উপস্থিত বাবা-মাকে উদ্দেশ্য করে বলেছেন, ‘এখন, আমি তোমাদের সামনে ট্রফিটা হাতে নিচ্ছি।’ নিজের দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি, যারা তার ডান হাতের ইনজুরি সারিয়ে ফ্রেঞ্চ ওপেনের জন্য প্রস্তুত করেছেন। আলকারাজ বলেছেন, ‘আমি জানি আমার দলের প্রত্যেকে আমাকে একজন ভালো খেলোয়াড় ও ব্যক্তি হিসেবে গড়ে তুলতে সবটুকু দিয়েছেন। এটা অসাধারণ।’