সাবালেঙ্কাকে চমকে দিয়ে ফাইনালে আনিসিমোভা, প্রতিপক্ষ শিয়াটেক

দুই বছরও হয়নি, মানসিক অবসাদের কারণে টেনিস থেকে বিরতি নিয়েছিলেন আমান্ডা আনিসিমোভা। এক বছর আগে কোর্টে ফেরেন তিনি। উইম্বলডনে খেলার যোগ্যতা অর্জনে লড়েছিলেন। কিন্তু হেরে যান। অল ইংল্যান্ড ক্লাবের টিকিট থেকে যায় অধরা।

সেই আনিসিমোভাই এক নম্বর র‌্যাঙ্কিংধারী আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে দিলেন। এবারের উইম্বলডনের বড় অঘটন ঘটিয়ে প্রথমবার ফাইনালেও উঠলেন তিনি। বৃহস্পতিবার সেন্টার কোর্টে ২ ঘণ্টা ৩৬ মিনিটের লড়াইয়ে ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে জিতলেন এই তরুণী।

নিউ জার্সিতে জন্ম নেওয়া ও ফ্লোরিডায় বেড়ে ওঠা ১৩তম বাছাই দ্বিতীয়বার কোনও গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠেছিলেন। ২০১৯ সালে ১৭ বছর বয়সে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে হেরে যান। এবার আর হারিয়ে যাননি।

ফোরহ্যান্ড শটে চতুর্থ ম্যাচ পয়েন্টে বিজয় নিশ্চিতের পর আনিসিমোভা বললেন, ‘এখনও মনে হচ্ছে না এটা বাস্তব। আমার দম বন্ধ হয়ে আসছিল, জানি না কীভাবে বের হয়ে এলাম।’

শনিবারের ফাইনালে আনিসিমোভা খেলবে ইগা শিয়াটেকের বিপক্ষে। আরেক সেমিফাইনালে যিনি বেলিন্ডা বেনচিচকে ৬-২, ৬-০ গেমে হারালেন। এনিয়ে উইম্বলডনে নারী এককে টানা অষ্টমবার নতুন কেউ চ্যাম্পিয়ন হতে যাচ্ছেন। ২০১৬ সালে সেরেনা উইলিয়ামসের পর প্রথম আমেরিকান নারী হিসেবে উইম্বলডন জেতার হাতছানি পাচ্ছেন আনিসিমোভা। গত তিনটি উইম্বলডন ফাইনালে হেরে যান আমেরিকান নারী।